গানে গানে মাদককে ‘না’
দুজনই পাশাপাশি বসা। একটু পরই একজন অন্যজনের উদ্দেশে বললেন, ‘হ্যালো, আমি সারিকা।’মৃদু হাসলেন অন্যজন, ‘আমি ন্যান্সি।’আপনাদের মধ্যে কি প্রথম পরিচয় হলো আজ—এমন প্রশ্ন করতেই ন্যান্সি ও সারিকার মুখে হো হো হাসি। দুজনই বললেন, তাঁরা মজা করলেন।বেশ চুপচাপই বসে আছেন হূদয় খান। ল্যাপটপে বসে নিজের গানের মিউজিক ভিডিও দেখছেন। সঙ্গে সুজানা ও হূদয়ের ব্যান্ডের সদস্যরা। ন্যান্সি ও সারিকার উচ্চ স্বরের হাসির শব্দে হূদয়ও এদিক- সেদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন; তারপর আবার দৃষ্টি ল্যাপটপে।ফ্যান্টাসি কিংডমে শিল্পীদের জন্য বিশ্রামকক্ষের দৃশ্য ছিল এ রকমই।আরফিন রুমী জ্বর নিয়ে চলে এসেছেন। তিনি সারাক্ষণ ব্যস্ত তাঁর ব্যান্ডের সদস্যদের নিয়ে। এই মুহূর্তে কোথাও দেখা যাচ্ছে না তাঁকে। কোথায় গেলেন তিনি?হঠাৎ দরজা খুলে ভেতরে এসে বললেন, ‘জোরসে বৃষ্টি শুরু হয়েছে। যাক বাবা, গরমটা একটু কমবে!’বৃষ্টির অবস্থা দেখে শিল্পী মাহমুদুজ্জামান বাবু বললেন, ‘এ বৃষ্টি বেশিক্ষণ থাকবে না। একটু পরই কমে যাবে।’মুঠোফোনটা বেজে উঠল। বালাম ফোন করেছেন, ‘বৃষ্টির কারণে গাড়ি থেকে নামা সম্ভব হচ্ছে না। ছাতার প্রয়োজন।’ফ্যান্টাসি কিংডমের লোকজন বালামকে নিয়ে চলে এলেন। একটু পরেই মিলার আগমন। তার পরই এলেন নিরব।বিশ্রামকক্ষের পুরো আবহাওয়া যেন পাল্টেগেল। ফ্যান্টাসি কিংডমের একজন বললেন, ‘এর আগে অনেক কনসার্ট হয়েছে এখানে। কিন্তু এই প্রজন্মের এ শিল্পীরা এর আগে এক দিনে একই মঞ্চে গান করেননি। এটা আজ আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে।’বৃষ্টি থেমে গেছে। প্রথম আলোর উপসম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক মঞ্চে উঠেছেন। তাঁর আহ্বানে শিল্পীরা মঞ্চের পেছনে অবস্থান নিলেন। সবার মধ্যেই উৎসবের আমেজ। তাঁরা এসেছেন মাদকের বিরুদ্ধে কথা বলতে। মাদক কীভাবে জীবনপ্রদীপ নিভিয়ে দেয়, সে বিষয়ে একজন অন্যজনের সঙ্গে কথা বলছিলেন।ঝলমলে রোদ উঠেছে আবার। দর্শক মঞ্চের সামনে আসতে শুরু করেছে। উপস্থাপক আব্দুন নূর তুষার আহ্বান জানালেন ন্যান্সিকে।তবে গানের আগে কথা।তুষার জানতে চাইলেন ন্যান্সির কাছে, ‘আপনার শ্বশুরবাড়ি নাকি সাভারে?’ন্যান্সি ‘হ্যাঁ’ বলতেই হাততালি।তুষার জানতে চাইলেন, ‘স্বামীকে গান শুনিয়েছিলেন?’ন্যান্সি হাসলেন।তুষারের আবার প্রশ্ন, ‘কীভাবে দেখা হলো?’‘নেত্রকোনায় র্যাম্প মডেল হিসেবে গিয়েছিল ও। সেখানে দেখা।’ন্যান্সি বেশ লাজুক ভঙ্গিতেই কথাগুলো বললেন। এরপর তুষার বাকিটা নিজের মতো করে ব্যাখ্যা করলেন। ততক্ষণে ন্যান্সির মিউজিশিয়ানরা তৈরি। শুরু হলো গান।চঞ্চলের গান করার কথা। কিন্তু হঠাৎ করেই গলা বসে গেছে তাঁর। ভাঙা গলায় গান করতে না পারার দুঃখ রয়ে গেল চঞ্চলের মধ্যেও। তবে মনপুরা-খ্যাত এই নায়ক মাদকবিরোধী কথা বললেন শ্রোতাদের সঙ্গে। হূদয় খানের গান পরিবেশনের মধ্য দিয়ে মানুষের সমাগম আরও বাড়তে থাকল। এরপর মাহমুদুজ্জামান বাবু ও মোশাররফ করিম; তার পর মিলা।মোশাররফ মিনিট পাঁচেকের জন্য মঞ্চে এসে হাস্যরসে সবাইকে মাতিয়ে তুললেন। মোশাররফের কাছে দর্শকদের অনুরোধ ছিল নাটকে অভিনীত দৃশ্য প্রদর্শন করার। মোশাররফ রাজি নন। তিনি দু-একজন দর্শককে মঞ্চে ডেকে তুললেন। তারপর নিজেই ‘বউদিদিমণি গো’ গানটি গাইলেন। গানের সঙ্গে নাচল দর্শকও।এরপর মিলার নাচ-গানে মাতোয়ারা উপস্থিত সব দর্শক। নিজের গানের পাশাপাশি মিলা মাদকবিরোধী কথা দিয়ে গান বানিয়ে ফেলেন, ‘বিড়ি খাইলে হয় ক্যানসার,/ আই অ্যাম এ ডিসকো ড্যানসার’। টানা ২৫ মিনিটের গান পরিবেশনের পাশাপাশি মাদকের কুফল নিয়ে কথা বলতেও ভুললেন না তিনি।ুুনিরব-সারিকা বিকেল থেকেই নাচের মহড়ায় ব্যস্ত। তাঁদের খবর পাঠাতেই তৈরি হয়ে মঞ্চের পেছনে অবস্থান নিলেন। আরফিন রুমীর ‘মাঝে মাঝে’ গানটির সঙ্গে যখন তাঁরা নাচতে শুরু করলেন, পেছনের দর্শক কোনো বাধা না মেনে সামনের সারিতে চলে এল। দর্শকদের প্রশংসা নিয়েই তাঁরা মঞ্চ ছাড়লেন।আরফিন রুমী গান গাইলেন, নাকি দর্শক গাইল? রুমী তাঁর জনপ্রিয় গানগুলোর এক লাইন করে গাইলেন, আর দর্শক গলা মেলাল তাঁর সঙ্গে। ঘড়ির কাঁটা তখন নয়টা পেরিয়েছে। রুমী নিজেই ঘোষণা করলেন, ‘এবার আসছেন বালাম।’বালাম-ভক্তরা নড়েচড়ে বসল। আতশবাজি আর কনফিডির ঝলকানিতে বালামের গান দর্শক-শ্রোতাকে নিয়ে গেল ভিন্ন এক মাত্রায়। বিস্ময়কর ব্যাপার হলো, চার-পাঁচ বছর বয়সী শিশুদেরও বালামের গান মুখস্থ। সবশেষে বালাম যখন পপসম্রাট আজম খানের ‘হায় আমার বাংলাদেশ’ গানটি ধরলেন, শ্রোতারাও বালামের সঙ্গে গলা মেলাল। ‘লুকোচুরি’ গান দিয়ে বালাম মাদকবিরোধী কনসার্টের সমাপ্তি টানলেন।