গানে গানে মান্না দে স্মরণ
দেহান্তর মানেই মানুষের নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। কোনো কোনো মানুষের সৃষ্টি বা তাঁর কাজ কালজয়ী হয়ে ওঠে। আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করার উপায় না থাকলেও এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন কেউ কেউ। মান্না দে ছিলেন এমনই একজন শিল্পী। তিনি নেই। কিন্তু রয়েছে তাঁর গান। গানে গানেই তাঁকে স্মরণ করল সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক গানের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ আয়োজনে গান করে নানা সংগীত সংগঠন। এবার আয়োজক সংগঠনই গত শুক্রবার সন্ধ্যায় গানে গানে স্মরণ করল সদ্যপ্রয়াত শিল্পী মান্না দেকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এরা পরিবেশন করে ‘কফি হাউসের আড্ডাটা আজ আর নেই’ শীর্ষক গীতি-আলেখ্য।
শুরুতে ছিল সংক্ষিপ্ত বক্তৃতা পর্ব। বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ সেলিম।
গান করেন সুজিত মোস্তফা, সুমন চৌধুরী, বিশ্বজিৎ রায়, সুমনা দাস, হাসান মাহমুদ, দিবাকর বিশ্বাস, সঞ্জয় রায়, আশরাফুল আলম, শহীদ কবির প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো।