গানে গানে রবিরাগের কবিবন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের দুই পাশে মাটির পাত্রে সাজিয়ে রাখা কাশফুল। মাঝখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরুণ বয়সের প্রতিকৃতি। বাঁশি আর সেতারের সুরে মন্দ্রিত পরিবেশ। শ্রোতারা আসন গ্রহণ করলেন। শুরু হলো গানে গানে কবিবন্দনা।গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সংগীত সংগঠন রবিরাগ আয়োজন করেছিল এই অনুষ্ঠানের।সন্ধ্যা সাতটায় একাডেমীতে শুরু হয় এই আয়োজন। শরৎকাল চলছে। প্রকৃতিতে ফুটেছে শেফালি-শাপলা। প্রতিষ্ঠানের প্রধান বিশিষ্ট শিল্পী সাদি মহম্মদ সহশিল্পীদের নিয়ে তাই ‘ও গো শেফালী বনের মনের কামনা’ সম্মেলক গানের মধ্য দিয়েই শুরু করেছিলেন পরিবেশনা। পরে একক ও দ্বৈতকণ্ঠের গান। এর মধ্যে ছিল ‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’, ‘বসে আছি হে কবে শুনিব তোমার বাণী’, ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’, ‘হেলাফেলা সারাবেলা একি খেলা আপন-সনে’, ‘বলো, সখী বলো তারি নাম’ প্রভৃতি। সাদি মহম্মদ ছাড়াও ওপার বাংলার জনপ্রিয় শিল্পী সুমন পান্থি ও দেবশ্রী বিশ্বাস গান গেয়ে শোনান।ভরতনাট্যমে নৃত্যশৈলীর প্রদর্শনভরতনাট্যম উপমহাদেশের ধ্রুপদি নৃত্যশিল্পের অন্যতম ধারা। গতকাল সন্ধ্যায় ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী নিবেদিতা পার্থসারথী ও তাঁর দল জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নৃত্য পরিবেশন করে। ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছিল।সন্ধ্যার আগেই দর্শকে মিলনায়তন ভর্তি। ঠিক সাড়ে সাতটায় উঠল মঞ্চের পর্দা। নৃত্যশিল্পী শিবলী মহম্মদ ও শামীম আরা ঘোষণা করলেন ভারতীয় নৃত্যশিল্পী নিবেদিতার ভরতনাট্যম প্রদর্শনীর কথা। শুরুতেই দুই দেশের নৃত্যশিল্পীরা শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বক্তৃতা করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি আজিজুর রহমান।মঞ্চের এক পাশের নির্দিষ্ট আসনে বসলেন সংগীতশিল্পী ও বাদ্যযন্ত্রীরা। হারমোনিয়াম, ঢোল, বেহালা, করতাল বাদনের সঙ্গে শুরু হলো নৃত্য পরিবেশনা। শিল্পী নিবেদিতা পার্থসারথী পরিবেশন করলেন ‘পুষ্পাঞ্জলি’। এই পর্বে স্রষ্টার প্রতি নিবেদন করা হয় পুষ্পার্ঘ্য। পুষ্পাঞ্জলির পর তিনি আসেন নতুন রাগ আর নতুন তাল নিয়ে। রাত অব্দি আমন্ত্রিত অতিথিরা উপভোগ করতে থাকেন ভরতনাট্যমের নান্দনিক প্রদর্শনী।ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন শিল্পী নিবেদিতা পার্থসারথী। এ সময় ভরতনাট্যমের পাঁচটি প্রদর্শনী করছেন তিনি। যার তিনটি ঢাকায় এবং বাকি দুটি হবে চট্টগ্রাম ও সিলেটে। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়ও তিনি ও তাঁর দল প্রদর্শন করবে ভরতনাট্যম।কারুশিল্পী পুরস্কার ও কারুমেলা কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরাবিষ্কার ও শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ও কারুমেলার আয়োজন করা হয়েছে।আজ শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় চারটি বিষয়ে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান ও পাঁচ দিনব্যাপী কারুমেলা শুরু হবে। উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কারুমেলা ও কারুশিল্পী পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি শাহিদ হোসেন, সাবেক সভাপতি রুবী গজনবী, চন্দ্রশেখর সাহা এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।কারুমেলায় ২৩টি কারুশিল্প-মাধ্যমে মোট ৪২ জন শিল্পী অংশ নেন। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে কারুমেলা চলবে কাল থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।