গানে গানে রবিরাগের ‘কবিবন্দনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁদাফুল দিয়ে সাজানো মঞ্চ। যন্ত্রশিল্পীরা সারিবদ্ধ হয়ে বসেছেন মঞ্চে। পেছনের ঠিক মাঝখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। যুবক রবির মাথায় পাগড়ি জড়ানো। কাঁধ অবধি নেমে এসেছে চুল। মঞ্চে জ্বলছিল মৃদু আলো। সেই আলোয় আলোকিত উদ্ভাসিত কবির প্রতিকৃতি।বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদের ৬০তম জন্মদিন উপলক্ষে সংগীত সংগঠন রবিরাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করেছিল এই অনুষ্ঠান। শুরুতে শিল্পীকে ফুল দিয়ে বরণ করে নেন রবিরাগের সভাপতি আমিনা আহমেদ ও পরিচালক সাদি মহম্মদ। বিভিন্ন সংগঠনের শিল্পীরা শুভেচ্ছা জানান তপন মাহমুদকে।শিল্পী তপন মাহমুদ ৪১ বছর ধরে বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন। তাঁর জন্ম ১৯৫১ সালের ১২ নভেম্বর বরিশাল শহরে। ১৯৬৯ সালে তৎকালীন প্রাদেশিক সংগীত প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকার করে গভর্নর স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক।সংক্ষিপ্ত বক্তব্যের পরে ছিল গানে গানে ‘কবিবন্দনা’ পর্ব। প্রায় তিন ঘণ্টার এই পর্বে ‘কাছে যবে ছিলে’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘হার মানা হার’, ‘তুমি আমায় ডেকেছিলে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘পথের শেষ কোথায়’সহ বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন পারভিন ইয়াসমিন, নিরুপমা শর্ম্মা, নাজনীন সুলতানা, আশিক, ডেইজী আহমেদ, মাখন হালদার, আমিনা আহমেদ, শামা আলী, শফিকুর রহমান, নন্দিতা ইয়াসমিন ও স্বপন দত্ত।বারবার মুক্তিযোদ্ধা হতে হবেহুমায়ুন আজাদ ১৯৯৭ সালের ১৪ মার্চ বকশী হাবিবুর রহমানকে দেওয়া অটোগ্রাফে লিখেছেন, ‘মনে হয় যেনো কোনো মুক্তিযুদ্ধ হয়নি; হ’লে চারপাশ-বাংলাদেশে—এমন হতো না।’ দেশের বরেণ্য রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিল্পী, মুক্তিযোদ্ধাসহ আরও অনেক বিখ্যাতজনের অটোগ্রাফের বিষয় ছিল একাত্তর ও মুক্তিযুদ্ধ। গতকাল শুক্রবার থেকে উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে সেসব অটোগ্রাফের তিন দিনব্যাপী প্রদর্শনী। শিরোনাম ‘পেজ নং ৭১’।প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হাশেম খান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। বক্তব্য দেন অটোগ্রাফ সংগ্রাহক বকশী হাবিবুর রহমান ও গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।বকশী হাবিবুরের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। যুদ্ধকালে তিনি ছিলেন কিশোর। বাবার হাত ধরে ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে প্রথম অটোগ্রাফ সংগ্রহ করেন। বঙ্গবন্ধুর স্বাক্ষরংসংবলিত সেই অটোগ্রাফে লেখা ছিল, ‘জয় বাংলা।’ এই দুই শব্দের লেখায় দারুণ অনুপ্রাণিত হয়ে তিনি পরে আরও অনেকের অটোগ্রাফ সংগ্রহ করেন। কবি সুফিয়া কামাল একাত্তরের ১৬ ডিসেম্বরকে লিখেছেন, ‘স্মরণীয় পবিত্র দিন।’ সদ্যপ্রয়াত শিল্পী কলিম শরাফী লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ করেছি। আমার যুদ্ধ এখনও শেষ হয়নি। বাধা দিলে বাধবে লড়াই, এই নীতিতে বিশ্বাস করি।’ চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর লিখেছেন, ‘আমাদের জীবনে মুক্তিযুদ্ধ সার্থক ও অমর হোক।’ শাহাবুদ্দিন লিখেছেন, ‘৭১-এ যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। এখন যুদ্ধ করছি মানুষ হওয়ার জন্য।’ লেখক সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমগ্র বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছে। তবে মনে হয় যে, এ থেকে অনেক যুদ্ধ বাকি রয়ে গেছে। অনেক অন্যায়, কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ। আমাদের বারবার মুক্তিযোদ্ধা হতে হবে।’একাত্তর সালকে কেন্দ্র করে ৭১টি অটোগ্রাফের এই প্রদর্শনীতে কার অটোগ্রাফ নেই? শওকত ওসমান, মাহবুব-উল-আলম চৌধুরী, কবীর চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, এ কে খন্দকার, আনিসুজ্জামান, কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, আমজাদ হোসেন, মুর্তজা বশীর, হুমায়ুন আজাদ, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ, আসাদুজ্জামান নূর, মহাদেব সাহা, সমুদ্র গুপ্তসহ আরও অনেকের অটোগ্রাফ এই প্রদর্শনীতে রয়েছে। গ্যালারি কায়ায় ‘পেজ নং ৭১’ চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।দুই যুগ পূর্তি: বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’সৌভাগ্যের প্রতীক ‘সী-মোরগ’ মোরগটি হারিয়ে পাগলপ্রায় জোতদার বজল শিকদার। চার চাকরের ওপর নেমে আসে অত্যাচারের খড়্গ। ওদিকে এক হিন্দু বাড়ির পাশে পাওয়া যায় মোরগের পালক। নতুন ফন্দি আঁটে শিকদার। তারই এক চাকর মোরগটি খেয়ে ফেলেছে জেনেও হিন্দু পরিবারটিকে ভিটেছাড়া করে লোভী শিকদার।গ্রামীণ পটভূমিতে রচিত সী-মোরগ নাটকটিতে হাস্য-রসাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে শ্রেণী-বৈষম্য ও শোষণ-বঞ্চনার বাস্তবতাকে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত বাংলাদেশ থিয়েটারের দুই যুগ পূর্তি উৎসবে গতকাল শুক্রবার নাটকটি মঞ্চস্থ হয়।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে সী-মোরগ-এর এটি ছিল ২১৪তম প্রদর্শনী। আসাদুল্লাহ ফারাজী রচিত নাটকটির নিদের্শনা দিয়েছেন হুমায়ূন কবির।উৎসবকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই নাট্যামোদীদের পদচারণে জাতীয় নাট্যশালার প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। সকালে বের হয় শোভাযাত্রা। আজ শেষ দিন মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনার নাটক শপথ।এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বানএম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১০-এর জন্য শিশুকিশোর গ্রন্থ আহ্বান করেছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। ২০০৯ সালে মার্চ মাসের পর প্রকাশিত ছড়া-কবিতা, সাধারণ গদ্য, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ও গল্প-উপন্যাস শাখায় পুরস্কার দেওয়া হবে।জীবনবৃত্তান্তসহ চার কপি বই আগামী ৫ ডিসেম্বর ২০১০-এর মধ্যে মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (ষষ্ঠ তলা), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় পাঠাতে হবে।