গানে গানে রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ শ্রাবণের আমন্ত্রণে/ দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে/ ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে...।’ শ্রাবণের বরিষণে চিরমুক্তির ডাক পেয়েছিলেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ষা ছিল তাঁর প্রিয় ঋতু। এই বর্ষাতেই ঘরের বাঁধন ছেড়ে তিনি চলে গেলেন অমর্ত্যলোকে। কবির ৭২তম প্রয়াণ দিবস ছিল বাইশে শ্রাবণ। তখন ছিল পবিত্র রমজান আর ঈদের ব্যস্ততা। তাই গতকাল সোমবার রবীন্দ্রপ্রয়াণ উপলক্ষে গানের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। ‘বন্ধু হে আমার’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। কবির নানা পর্বের গান দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। এতে নবীন-প্রবীণ মিলিয়ে মোট ৩০ জন শিল্পী একক গান পরিবেশন করেন। এ ছাড়া ছিল ৭০ জন শিল্পীর পরিবেশনায় সম্মেলক গান।সোমবার সন্ধ্যায় গান শুরুর আগে নিভে গেল মঞ্চের আলো। যন্ত্রীরা বাজনার অনুশীলন করে নিলেন। একটু পরেই মঞ্চজুড়ে আলোর উদ্ভাসে সঙ্গে ছড়িয়ে পড়ল সুরধ্বনি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’। শিল্পীদের সঙ্গে মিলনায়তনে সমাগত প্রায় সব দর্শক আসন ছেড়ে উঠে কণ্ঠ মেলালেন জাতীয় সংগীতের সঙ্গে। এভাবেই শুরু হলো সুরের মূর্ছনা ছড়ানোর পালা। জাতীয় সংগীতের পর সমবেত কণ্ঠে সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’, এবং ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’—গান দুটি। এরপর শুরু হয় একক পরিবেশনা। গান করেন নুসরাত জাহান, হিমাদ্রি শেখর, পবন কুমার সরকার, সাগরিকা জামিল, শিমু দে, মাখন হাওলাদার প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘চোখের আলোয় দেখেছিলেম’ ‘বসে আছি হে কবে শুনিব তোমার বাণী’, ‘আজি ঝড়ের রাতে’ ‘ঝরঝর বরিষে বারিধারা’, ‘শ্রাবণ তুমি’, ‘ওই মালতীলতা দোলে’, ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে’ এসব গান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে থেকে বক্তব্য দেন সভাপতি তপন মাহমুদ ও সম্পাদক সাজেদ আকবর। বেশ রাত পর্যন্ত চলে গানের পালা।নারী জাগরণের নাট্য আয়োজনসিংহলের ভাগ্যবিড়ম্বিত রাজকন্যা খনা। যাঁর আসল নাম ‘লীলাবতী’। লীলাবতী কৃষকদের হীতার্থে বহু ভবিষ্যদ্বাণীসংবলিত ‘শ্লোক’ রচনা করেন, যার ফলে কৃষকদের প্রভূত উপকার হয়। এভাবে লীলাবতী তাঁদের মধ্যে অপ্রতিরোধ্য প্রভাব বিস্তার করেন এবং তিনি তাঁর জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ মহারাজের রাজসভায় দশম রত্ন হিসেবে অভিষিক্ত হন। ঈর্ষায় অন্ধ শ্বশুর কোনোক্রমেই পুত্রবধূর শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারলেন না। তাঁরই নিষ্ঠুর আদেশে অবশেষে মিহির স্বীয় গুণবতী স্ত্রীর জিব কেটে দেন, যাতে লীলাবতী আর কোনো ‘বচন’ উচ্চারণ করতে না পারেন। এই কাহিনি নিয়ে লোক নাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক লীলাবতী আখ্যান। জাতীয় নাট্যশালায় এ নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল শুরু হয় ‘নারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে গতকাল শুরু হয়েছে সপ্তাহব্যাপী এ নাট্য আয়োজন।