গানে গানে লাল-সবুজে বাংলাদেশ
সবুজের মাঝে লাল সূর্য। রাজধানীজুড়ে এই দৃশ্য। রাজপথে ফেরি করে করে জাতীয় পতাকা বিক্রি। যানবাহনের সঙ্গে কিংবা বসতবাড়িতে উড্ডীন পতাকা জানান দিচ্ছে, বিজয় দিবস আসন্ন। বাঙালির এই চিরগৌরবের দিনটি ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিজয় দিবস সামনে রেখে নানা কর্মসূচি হাতে নিয়েছে।ঢাকার অন্যতম বুটিক হাউসগুলোর সমন্বিত বিক্রয়কেন্দ্র ‘দেশীদশ’-এর আয়োজনে বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় ‘লালসবুজে বাংলাদেশ’ শীর্ষক গানের অনুষ্ঠান। বিকেলে তাদের পান্থপথ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গান করেন উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন শহীদুল্লাহ খান।‘লালসবুজে বাংলাদেশ’ অনুষ্ঠানের পুরো আয়োজনে ছিল পতাকার আদলে লাল-সবুজ রঙের প্রভাব। ব্যানারে তো ছিলই, এ ছাড়া ছোট ছোট জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ। দর্শক ও শিল্পীদের পরিধেয় বস্ত্রেও ছিল সবুজ আর লাল রঙের উপস্থিতি। শুরুর বেশ আগেই শ্রোতাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ভরে উঠেছিল। মেঝেতে মাদুর বিছিয়ে বসার ব্যবস্থা। তাতে ঘরোয়া পরিবেশের অন্তরঙ্গতা। পরিচিত গান। তাই গানের সময় অনেক দর্শকই কণ্ঠ মেলাচ্ছিল শিল্পীদের সঙ্গে। শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা। বক্তাদের কথায় উঠে আসে এ দেশে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। পরে উদীচীর শিল্পীদের সমবেত পরিবেশনায় ছিল ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘মুক্তির মন্দিরে সোপান তলে’—মুক্তিযুদ্ধে প্রেরণা জোগানো এসব গান। সবশেষে ছিল জাতীয় সংগীত। শিল্পী এবং আগত অতিথি সবাই মিলেই গাইলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’।বিজয় সরকারের গান নিয়ে চন্দনা মজুমদারের ‘চোখ গেল পাখি রে’‘ঘর ভাঙবে তোর আজ না হয় কাল’, ‘আমার প্রাণ বন্ধুয়ার দেশে রে, ‘কি সাপে কামড়াল আমারে’—চন্দনা মজুমদার যখন একের পর এক এই গানগুলো গেয়ে শোনাচ্ছিলেন, তখনই তাঁর মর্মস্পশী সুরে গুমরে উঠেছিল শ্রোতাদের হূদয়বেদনা। এই গান, এই সুর কবিয়াল বিজয় সরকারের। বিশ শতকের প্রথমার্ধে বাংলাদেশের কবিগানের উৎকর্ষ সাধন এবং একে জনপ্রিয় করার ক্ষেত্রে বিজয় সরকারের অবদান বিপুল। তাঁর গান নিয়ে চোখ গেল পাখি রে নামের একক গানের অ্যালবাম করেছেন চন্দনা মজুমদার। গতকাল সেই অ্যালবামে প্রকাশনা অনুষ্ঠানে গানগুলো পরিবেশন করেন চন্দনা মজুমদার।কবিয়াল বিজয় সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। চোখ গেল পাখি রে সিডির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোক্তা আবুল খায়ের এবং বিজয় সরকারের সন্তান কাজল অধিকারী। মোড়ক উন্মোচনের পর শিল্পী অ্যালবামের গানগুলো পরিবেশন করেন। তাঁর পরিবেশিত গানের মধ্যে ছিল ‘কত ভাল লাগে তোমারে’, ‘পাগলারে ক্ষ্যাপারে’, ‘চোখ গেল পাখি রে’ ইত্যাদি। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।‘মুক্তিযুদ্ধ ও নারী’ শীর্ষক চিত্রকর্মশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ‘উইমেন আর্টিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে গত শুক্রবার থেকে শুরু হয়েছে চিত্রকর্মশালা।দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার শেষ দিনে গতকাল শনিবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ২৫ জন নারী শিল্পী অংশ নিয়েছেন। সমাপনী অনুষ্ঠানে ফেরদৌসী প্রিয়ভাষিণীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।উদীচীর সপ্তদশ জাতীয় সম্মেলনবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ ও ২৫ ডিসেম্বর। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা মায়েরা। পরে একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম।শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মেলনের বাকি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানা গেছে সংগঠন সূত্রে। জাতীয় সম্মেলন ঘিরে ইতিমধ্যে সারা দেশে উদীচীর বিভিন্ন শাখা ও জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।