গানে গানে শচীন স্মরণ
‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হূদয়ে দিয়েছে দোলা’, ‘তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল’সহ শিল্পী শচীন দেববর্মনের জনপ্রিয় গানে গানে সন্ধ্যাকে সুরময় করে তুলেছিলেন শিল্পীরা। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংগীত সংগঠন বহ্নিশিখার আয়োজনে শুরু হয়েছে দুই দিনের শচীন দেববর্মন সংগীত উৎসব।সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর ও ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ।স্বাগত বক্তব্যে বহ্নিশিখার সাধারণ সম্পাদক সংগীতশিল্পী রুপু খান শচীন দেববর্মনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন।অনুষ্ঠান সাজানো হয়েছিল শচীন দেবের গান দিয়ে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের আগরতলার আমন্ত্রিত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সম্মেলক কণ্ঠে ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’ পরিবেশনার মধ্য দিয়ে গানের পারা শুরু করেন বহ্নিশিখার শিল্পীরা। ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ ও ‘শোনো গো দখিন হাওয়া’ গান দুটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন আগরতলার মঞ্জির ড্যান্স একাডেমির শিল্পীরা। ‘বর্ণে গন্ধে ছন্দে স্মৃতিতে’ গানের সঙ্গে কুচিপুরি আঙ্গিকের নৃত্য পরিবেশন করেন ভারতের শিল্পী ববি চক্রবর্তী। ‘সুবল রে বল বল বল’ গেয়ে শোনান আগরতলার রাকেশ দেববর্মন। আরও সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, ইফফাত আরা নার্গিস, রুপু খান, সানি জুবায়ের, প্রাণেশ সোম, উত্তম সাহা, তনুজা দেববর্মন, শিবপ্রসাদ ধর প্রমুখ।