গানে গানে শচীনকর্তাকে শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছিলেন রাজকুমার। কিন্তু রাজকুমারসুলভ কোনো অভিব্যক্তি তাঁর চলন-বলনে ছিল না। সাধারণ মানুষের সঙ্গে ওঠাবসা, অন্তরঙ্গতাই ছিল তাঁর চরিত্রের বৈশিষ্ট্য। দুই চোখে মায়াবী দৃষ্টি, একটি সাদা ধুতি ও পাঞ্জাবি, চোখে চশমা। খানিকটা গম্ভীর চেহারায় তাঁকে দেখা যায়। রাজপুত্র হয়েও তিনি চাষাভুষা, মাঝিমাল্লাদের গান গেয়েছেন। আবিষ্ট থাকতেন কীর্তন, ভাটিয়ালিতে। তিনি শচীন দেব বর্মণ। ‘শচীনকর্তা’ বলেই সম্মানিত তিনি বঙ্গজনের কাছে। গতকাল ১ অক্টোবর ছিল তাঁর ১০৫তম জন্মবার্ষিকী।কণ্ঠের সৌকর্যে ও সুর রচনার অভিনবত্বে রাজকুমার শচীন দেব আগরতলার রাজপরিবারে রাজকীয় সম্মানের সঙ্গে যোগ করেছিলেন ভারতবিখ্যাত সংগীত ব্যক্তিত্বের সম্মান। তাঁর সানুনাসিক কণ্ঠই বাংলা গানে এনে দিয়েছিল নতুনত্ব ।শচীনকর্তার জন্মদিন উপলক্ষে গাানে গানে শ্রদ্ধা জানানো হলো তাঁকে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে ছিল এই গানের আসর। তাঁর ২০টি গান গেয়ে শোনান শিল্পী সঞ্জয় রায়। সঞ্জয়ের গাওয়া শচীন দেব বর্মণের অবিস্মরণীয় গানগুলোর মধ্যে ছিল: ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে’, ‘আমি ছিনু একা বাসর জাগায়ে’, ‘প্রেম যমুনার পারে মোর হিয়া কেঁদে মরে’, ‘মন কান্দে’, ‘তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে’, ‘পথ চেয়ে রব আমি পদধূলি হব’,‘তুমি এসেছিলে পরশু’, ‘কুহু কুহু কোয়েলিকা’, ‘আলো ছায়া দোলে’ ইত্যাদি। দেখা গেল শ্রোতাদের অনেকে চোখ মুদে তন্ময় হয়ে আছেন সুরের ইন্দ্রজালে। এক দর্শককে বলতে শোনা গেল, গানগুলোর সুর ও বাণী কালকে অতিক্রম করে কত জীবন্ত হয়ে আছে আজও! সুরের মৃত্যু নেই ।