গানে গানে শ্রোতাদের মন ভরালেন শাকিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গান, নজরুলসংগীত, পুরোনো দিনের জনপ্রিয় গান আর তাঁর নিজের গানের পরিবেশনা দিয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন শিল্পী শাকিলা জাফর। সঙ্গে ছিল কিছু গজল আর হিন্দি গানও।গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়নে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাঁর এই একক গানের আসরের আয়োজন করে। অনুষ্ঠানে তাঁর গাওয়া গানগুলোর মধ্যে ছিল ‘ভুলিতে পারি না’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’, ‘পাথরের পৃথিবীতে’, ‘এ কোন ফাগুন’ প্রভৃতি।শাকিলা জাফর প্রায় তিন দশক ধরে দেশের শ্রোতাদের নানা ধরনের গান তাঁর অনন্য গায়নশৈলীতে মুগ্ধ করে রেখেছেন। ধ্রুপদি সংগীতের চর্চা দিয়েই তিনি তাঁর সংগীতজীবন শুরু করেছিলেন। তবে আশির দশকে বিটিভির যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে আধুনিক গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন। এর পর থেকেই তিনি আধুনিক গানের শিল্পী হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেন। শতাধিক চলচ্চিত্রের গানে তিনি কণ্ঠ দিয়েছেন। আধুনিক গান করলেও রবীন্দ্র ও নজরুলসংগীত, গজল ও উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রেখেছেন। তাঁর রবীন্দ্রসংগীতের অ্যালবাম লাবণ্যে পূর্ণ প্রাণ শ্রোতাদের প্রশংসা অর্জন করেছে।