
একই মঞ্চে দুই তরুণ শিল্পী—আনন্দ চক্রবর্তী ও দৃষ্টি শর্মা। কখনো একক, কখনো দ্বৈত পরিবেশনায় ছড়ান সুরের আবেশ। গানে গানে মাতিয়ে তোলেন সন্ধ্যা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসে এ গানের আসর। আয়োজক আনন্দ সাংস্কৃতিক অংগন। ‘বহে সমান্তরাল’ শিরোনামের এ আয়োজন সংগঠনটির ১০৪তম আয়োজন।
শুরুতে আনন্দ চক্রবর্তীর কণ্ঠে মোহাম্মদ রফির গাওয়া ‘তোমাদের আর্শীবাদের...’। এরপর সুর তোলেন দৃষ্টি শর্মা—‘বেঁধেছি বীণা গান শোনাব তোমায়’। এভাবে একে একে ১২টি একক ও ৪টি দ্বৈত গান পরিবেশন করেন শিল্পীরা। দ্বৈত কণ্ঠে পরিবেশিত ‘আমি যে জল সাগরে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘আধো আলো ছায়াতে’ গান তিনটি মুগ্ধ করে দর্শকদের।
গানের ফাঁকে ছিল আলোচনাপর্ব। তখন তরুণ দুই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবাসয়ী মোহাম্মদ সাহাবউদ্দীন। অনুষ্ঠানে শিল্পীদের যন্ত্রনুষঙ্গে ছিলেন তবলায় লিটন মিত্র, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, বেইজ গিটারে সজল সরকার ও লিড গিটারে রাজীব ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। ‘একদিন স্বপ্নের দিন’ গানের দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।