গানে গানে সাম্পান উৎসব
সারি সারি জাহাজ নোঙর ফেলে অলস দাঁড়িয়ে আছে নদীর বুকে, এলোমেলো ছুটছে ইঞ্জিনচালিত নৌকা, তারই ফাঁকে দুই হাতে দাঁড় বেয়ে এগিয়ে যাচ্ছেন সাম্পান মাঝিরা। সাম্পানগুলোও সেজেছে অপূর্ব সাজে। ক্যাঁ কুরত ক্যাঁ কুরত শব্দে মুখর কর্ণফুলী। মাইকে বাজছে সেই গান—‘রঙ্গিলা মাঝিরে, এই ঘাড়দ্দি সাম্পান ভিড়াইও...।’সাম্পানখেলা দেখতে নদীর বুকে জলযানে আর তীরে মানুষের ঢল। চার বছরের শিশু থেকে আছে আশি বছরের বৃদ্ধও। শহর আর শহরতলির গ্রাম থেকে ছোট ডিঙ্গি নৌকায় করে এসেছেন বৌ-ঝিরা। জাহাজের মাস্তুলে উঠে তামাশা দেখছেন দস্যি ছেলের দল। নদীর ঠিক মাঝখানটায় বাজছে ঢোল।চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি ৭ ও ৮ মে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে চরপাথরঘাটায় আয়োজন করে জমজমাট সাম্পানখেলা ও চাটগাঁইয়া সংস্কৃতি উৎসবের। দখল-দূষণে বিপর্যস্ত কর্ণফুলীকে বাঁচানোর দাবি আর নিজস্ব সংস্কৃতি রক্ষার আহ্বানে এ উৎসব অনুষ্ঠিত হয়।এতে সম্মাননা জানানো হয় আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালীকে। সাম্পানখেলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আকতারুজ্জামান চৌধুরী। পুলিশ কমিশনার মনিরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এম এম এরশাদ। বক্তব্য দেন সাংবাদিক চৌধুরী ফরিদ ও আলীউর রহমান।কর্ণফুলীর গা ঘেঁষে তৈরি করা হয়েছে মঞ্চ। সাগরের বুকে তখনো হাসছে সূর্যটা—সে হাসি না মেলাতেই মঞ্চে আলো ছড়ালেন শিল্পী রূপা বিশ্বাস।গান ধরলেন ‘ও রে সাম্পানওয়ালা/ তুই আমারে করলি দেওয়ানা’। সাম্পান উৎসবে সাম্পানের গান, তাতে উচ্ছ্বসিত দর্শকেরা। কিন্তু শেফালী ঘোষের গাওয়া বিখ্যাত এই গানটি শিল্পী মূল সুরে না গেয়ে হালের রিমিক্স স্টাইলে কেন গাইলেন বোঝা গেল না। তবে দ্বিতীয় গান ‘নিশিযোগে আমার বাড়ি যাইও’ (মূল—নিশি রাইতত আরও বাড়ি যাইও) গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। রমেশ শীলের লেখা শেফালীর গাওয়া এই বিখ্যাত গানেও ছিল রিমিক্সের আড়ম্বরতা।তবে সঞ্জিৎ আচার্য তাঁর বিখ্যাত ‘বাঁশখালী মইষখালী’ গেয়ে দর্শকদের মাতিয়ে তুললেন। তাঁর এই গান সবাইকে স্মরণ করিয়ে দিল—এটি সত্যিকারের চাটগাঁইয়া সংস্কৃতিমেলা। খ্যাতিমান শিল্পী কল্পনা লালাও ছিলেন মূলের অনুগামী। তিনি ‘পালে কী রং লাগাইল রে মাঝি’ গেয়ে রং লাগিয়ে দিলেন দর্শকদের মনে। মঞ্চে নিমগ্ন হয়ে গান শুনছিলেন সংগীতজ্ঞ আবদুল গফুর হালী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি গান গাইলেন কল্পনা—‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই নিশির হালে/ মা বাপরে লাগাই দিব মাইনষে দেখিলে।’ সুন্দর গায়কি আর কণ্ঠসৌকর্যে প্রথম গান ‘রঙ্গিলা মাঝিরে...’ দিয়ে জমিয়ে দিলেন গীতা আচার্য। ‘ও শ্যাম রেঙ্গুন ন যাইও’ গানে গীতার কণ্ঠে শেফালী ঘোষের অনুরণন পাওয়া গেল। তাঁর গানে দর্শকদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন গানটির স্রষ্টা গফুর হালীও। এরপর মঞ্চে এলেন কান্তা নন্দী। সাম্পানওয়ালা চলচ্চিত্রের সাড়া জাগানো প্লেব্যাক সিঙ্গার মধুকণ্ঠী কান্তা যেন সবাইকে ফিরিয়ে নিয়ে গেলেন সত্তরের দশকে, যখন সাম্পানওয়ালার গানে মাতোয়ারা ছিল গোটা দেশ। হূদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে গাইলেন চিরসবুজ সেই গান ‘ও রে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে...।’ ‘কী গান মাঝি হুনাইল, কী বাঁশি মাঝি বাজাইল/ কর্ণফুলীর সাম্পানওয়ালা আরে পাগল বানাইল’ যখন গাইছিলেন কান্তা তখন নাচছিল হাজার বিশেক দর্শক, নাচছিলেন সামনে বসা কর্ণফুলীর সাম্পানমাঝিরাও।এ গান শেষ হতেই কথার কলঝুরি কান্তার মুখে। বললেন, ‘আমি তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানতাম না। এই গফুর কাকুই (আবদুল গফুর হালী) আমাকে চড় মেরে মেরে গান শেখাতেন।’ হালীর গান দিয়ে শেষ করলেন কান্তা।সবশেষে ভাবের গান নিয়ে মঞ্চে এলেন শিল্পী শিমুল শীল। বাউলের বেশে গাইলেন মোহছেন আউলিয়ার গান, মাইজভান্ডারী ও বিচ্ছেদী। ‘কাষ্টের ওপর চামড়া দিয়া কে বানাইল ঢোল’, ‘ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি...’ গানে ঢোলের বোলে, সুরের খেয়ায় সবাইকে নিয়ে গেলেন বাউলার দেশে।