গানে গানে সুরের ধারার বর্ষবরণ ও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের এক পাশে দোতলা প্রাসাদসদৃশ মঞ্চ। দুই পাশে দুটি বড় প্রজেক্টর। চারদিকে রবীন্দ্রনাথের বেশ কিছু প্রতিকৃতি। গতকাল বুধবার বর্ষবিদায় ও বরণ উপলক্ষে আয়োজিত সুরের ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ’-এর জন্য এভাবেই সাজানো হয়েছিল লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ।রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে তাঁকে নিবেদিত অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে। সন্ধ্যায় ‘তোমার আনন্দ ঐ এলো দ্বারে’ গানটি গাইতে গাইতে সুরের ধারার শিল্পীরা মঞ্চে ওঠেন। এরপর স্বাগত বক্তব্য দেন সংগঠনের কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা। সমবেত কণ্ঠের ‘ওহে দয়াময়’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। সুরের ধারার শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তপন মাহমুদ, পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদ, ফাহিম হোসেন চৌধুরী, মিতা হক, লিলি ইসলাম, বুলবুল ইসলাম, মহিউজ্জামান চৌধুরী, লাইসা আহমেদ, অদিতি মহসিন, শর্মিলী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে সুরের ধারার সাবেক শিক্ষার্থীরা এবং ওপার বাংলার প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী প্রমিতা মল্লিক সংগীত পরিবেশন করেন। শিল্পীরা ‘চরণধ্বনি শুনি তব নাথ’, ‘কতবার ভেবেছিনু’, ‘অন্তর মম বিকশিত কর’, ‘আজ খেলা ভাঙ্গার খেলা’, ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল’, ‘এবার তোর মরা গাঙ্গে বান ডেকেছে’—এসব গান গেয়ে শোনান।গান ছাড়া সুরের ধারার শিশু শিক্ষার্থীরা মঞ্চস্থ করে গীতিনাট্য কাল মৃগয়া। জুতা আবিষ্কার নাটক পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থীরা।নতুন বছরকে আহ্বান জানিয়ে সর্বশেষ পরিবেশনা ছিল ‘এসো হে বৈশাখ এসো এসো’। সুরের ধারার সব সদস্যকে নিয়ে এটি পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।