গানে গানে স্মরণে বরিষনে
একঝাঁক খুদে শিল্পী সারবেঁধে বসে ছিল মঞ্চে। তাদের পেছনে পর্দাজুড়ে কবিগুরুর প্রতিকৃতি। আলোয় উদ্ভাসিত। যন্ত্রসংগীতের সুরমূর্ছনা ছড়িয়ে গেল মিলনায়তনে। এর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই গেয়ে শোনাল ‘শ্যামল ছায়া নাইবা গেলে’। এই গানটি দিয়েই শুরু হয়েছিল ‘রবীন্দ্র বরিষণে’ নামের আয়োজনটি।গতকাল সোমবার বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে ব্রিটিশ কাউন্সিল ও জার্নি কমিউনিকেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে উদ্বোধনী সংগীত পরিবেশন করে সুরবিহার সংগীত ও অঙ্কন পাঠশালার শিশু শিক্ষার্থীরা। শিশুদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হলেও পরে বরীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী আজিজুর রহমান ও অণিমা রায়। তাঁদের পরিবেশনায় ছিল ‘আজ কিছুতেই যায় না মনের ভার’, ‘এসো নীপবনে ছায়াবীথিতলে’, ‘আমার যাবার বেলায় পিছু ডাকে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘ওই মালতীলতা দোলে’, ‘মেঘের পরে মেঘ’, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’ গানগুলো। নারিকো নাইতোর প্রদর্শনীজাপানের শিল্পী নারিকো নাইতোর একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল থেকে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।প্রদর্শনীতে নারিকোর ইদানীং আঁকা মিশ্র ও জলরঙে মোট ২৫টি ছবি স্থান পেয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন ছিল না। বিকেলে জয়নুল গ্যালারির দরজা খুলে দিলে আগ্রহী দর্শকেরা ছবি দেখতে আসেন। শিল্পীও ছিলেন গ্যালারিতে। মিষ্টি হেসে নিজের কাজ সম্পর্কে অনেক প্রশ্নেরই জবাব দিয়েছেন তিনি কৌতূলহী দর্শকদের। এটি শিল্পীর ১৭তম একক প্রদর্শনী চলবে ১৪ আগস্ট পর্যন্ত।বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠকেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে গতকাল সন্ধ্যায় আবৃত্তি সমন্বয় পরিষদ বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন স্বরচিত কবিতা পাঠ করলেন কবি ও আবৃত্তিশিল্পীরা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন, কবি মুহাম্মদ নূরুল হুদা, রবীন্দ্র গোপ, তপন বাগচী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসলাম সানী। কবি ও আবৃত্তিকারেরা সবাই কবিতার প্রিয় পঙিক্তমালায় ফুটিয়ে তোলেন মুজিবকে। আজ নতুন গানে বর্ষার আহ্বানকবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানের সংগঠন ‘নিবেদন’ আজ মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করেছে নতুন গানে বর্ষার আহ্বান শীর্ষক সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাতটায় ছায়ানট মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান।সুলতান উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নড়াইল প্রতিনিধি জানান, গতকাল সোমবার সুলতান উৎসবে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু করার কথা। কিন্তু বেলা নয়টার আগেই শিশুস্বর্গ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বরেণ্য শিল্পী রফিকুন নবী এত খুদে শিল্পীর উপস্থিতি দেখে অভিভূত হয়ে পড়েন। প্রথম আলোকে তিনি বলেন, ‘জীবিত সুলতানের চেয়ে মৃত সুলতান অনেক শক্তিশালী। এই খুদে শিল্পীদের ছবি আঁকার আগ্রহ দেখে আমি অভিভূত।’