গানে ছবিতে ব্যতিক্রমী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরচেনা মুখায়ব। অ্যাক্রিলিকে আঁকা ছবিটির বৈশিষ্ট্য হলো কবির মুখাবয়বের ওপরের অংশটি আঁকেননি শিল্পী। দর্শনার্থীদের বেশ মনে ধরেছে ছিবিটি। আগ্রহ নিয়েই দেখছিলেন তাঁরা। বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও হাশেম খানকেও দেখা গেল ছবিটির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। পাশ থেকে আসছিল লোকগানের সুর। গানে, ছবিতে এক ব্যতিক্রমী আয়োজন।‘প্রতিদিন হাজারো রঙের ভিড়ে লাল-সবুজের বীজ বুনে যাই’ স্লোগান নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই তাদের এক যুগ পূর্তি উপলক্ষে দেশব্যাপী নয় দিনজুড়ে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ছিল দেশবরেণ্য শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান। সেখানেই ছিল কবিগুরুর প্রতিকৃতি। রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বিশেষ অতিথি ছিলেন কাইয়ুম চৌধুরী ও হাশেম খান। গ্যালারির করিডরে সংগীত পরিবেশন করেন শিল্পী সৈয়দ আবদুল হাদী ও বারী সিদ্দিকী।প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, শহীদ কবির, আবুল বারক্ আলভী, ফরিদা জামান, বীরেন সোম, অলকেশ ঘোষ, আবদুল মান্নান, জামাল আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, মনিরুজ্জামান, রণজিৎ দাশসহ বিভিন্ন শিল্পীর নানা বিষয়ের ছবি রয়েছে। কাল মঙ্গলবার পর্যন্ত প্রদর্শনী চলবে।এ ছাড়া গ্যালারির সামনে আয়োজন করা হয়েছিল গানের অনুষ্ঠান।পার্থ চট্টোপাধ্যায়ের সংবর্ধনাপশ্চিমবঙ্গের লেখক ও সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দিয়েছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী সন্মেলন কক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রোববার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর, অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।অনুষ্ঠানের শুরুতে পার্থ চট্টোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতে সন্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতার ব্রত নিয়ে যে মানুষটি রিক্ত অবস্থায় ঘর ছেড়েছিলেন, আজ সেই মানুষটি লেখক ও সাংবাদিক হিসেবে মহীরুহে পরিণত হয়েছেন। পশ্চিমবঙ্গের যুগান্তর ও আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে কিংবা নিজ সম্পাদনায় প্রকাশিত প্রবর্তণসহ একাধিক পত্রিকার মাধ্যমে তিনি একদিকে যেমন বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উপস্থাপন করেছেন, তেমনি সাংবাদিকতায় নতুনধারার জন্ম দিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবেও ভিন্ন আঙ্গিকে নিজেকে তুলে ধরেছেন তিনি।আলোচনা শেষে গান পরিবেশন করেন ঋষিজের শিল্পীরা।লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অডিশনগতকাল রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চার দিনের অডিশনপর্ব। রূপবতীদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল গুলশানের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মিলনায়তন। প্রথম দিনে প্রায় হাজার খানেক প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় পর্বে যাওয়ার কার্ড পেয়েছেন ৩৮ জন।চার দিনের অডিশনের প্রথম দিনে সকাল থেকে প্রতিযোগীরা ভিড় করেন গুলশানে। গলায় নিবন্ধন কার্ড ঝুলিয়ে তাঁরা ঘুরে বেড়িয়েছেন সেখানে। বিচারকদের সামনেও ছিলেন সাবলীল। দিনের শেষে প্রতিযোগিতায় টিকে থাকা ৩৮ বিজয়ী লড়বেন পরবর্তী পর্বে। ঢাকায় ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অডিশন।