গানে নয়, কনা ভরতনাট্যমে!

হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এবারই প্রথম অংশ নিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তবে অনুষ্ঠানে কোনো গান গাইবেন না কনা। অনুষ্ঠানের একটি স্কিডে নাচে অংশ নিয়েছেন কনা। তাও আবার ভরতনাট্যম।
ইত্যাদি অনুষ্ঠানে প্রথমবারের মতো নাচের পরিবেশনায় অংশ নেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত কনা। দ্বৈত নাচের এ পরিবেশনায় কনার সঙ্গে অংশ নিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হূদয় খান।
প্রথম আলো ডটকমকে কনা বলেন, ‘ছোটবেলা থেকে নাচ পছন্দ করতাম। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কখনো নাচ শেখা হয়নি। তবে টিভিতে পছন্দের নৃত্যশিল্পীদের নাচ দেখে খুবই ভালো লাগতো।’
কনা এও বলেন, ‘আমার গানের যে ভিডিওটি প্রকাশিত হয়েছে তাতে প্রথম নাচ করি, তা ছিল কত্থক। এছাড়া বিভিন্ন স্টেজ শো’তে গানের ধরন অনুযায়ী টুকটাক নাচতাম। ইত্যাদি অনুষ্ঠানেই প্রথম এমনভাবে অংশগ্রহণ করলাম। তাও আবার একেবারে নতুন পরিচয়ে! পুরো ব্যাপারটি আমার কাছে একেবারেই অন্যরকম। আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা।’
ইত্যাদি অনুষ্ঠানের নাচে অংশ নেওয়ার আগে দুইদিন মহড়ায় অংশ নিয়েছেন কনা ও হূদয়। নৃত্য পরিচালক মনিরুল ইসলাম মুকুল গানের এই দুই শিল্পীকে ভরতনাট্যম নাচের মুদ্রাগুলো শিখিয়ে দিয়েছেন। তারপরই তাঁরা ইত্যাদি অনুষ্ঠানে নাচটিতে অংশ নেন।