শীতের সন্ধ্যায় শ্রোতায় ভরপুর মিলনায়তন। শিল্পীদের সঙ্গে তাঁরাও গলা মিলিয়ে গুনগুন করছেন, ‘এ পথ যদি না শেষ হয়’। গানের পর গান। শেষ হওয়ার পরেও কানে ভাসতে থাকে তার রেশ ‘তুমি যে আমার ওগো তুমি যে আমার।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে ছিল সম্প্রতি প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান নিয়ে এই বিশেষ সংগীতানুষ্ঠান। দ্য ডেইলি স্টার ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে মহানায়িকার স্মরণে। অনুষ্ঠানে বিপুল জনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছেন দেশের প্রখ্যাত শিল্পীরা।
‘এ পথ যদি’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। দ্বৈত কণ্ঠে গেয়েছেন ফাহিম হোসেন চৌধুরী ও ইফফাত আরা নার্গিস। পরের শিল্পীদের মধ্যে ছিলেন ফেরদৌস আরা, পারভীন সুলতানা, মুনির চৌধুরী, নাসিমা শাহিন ও অনিরুদ্ধ সেনগুপ্ত। ‘কে তুমি আমারে ডাকো’, ‘ঘুম ঘুম চাঁদ’, ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘তুমি না হয় রহিতে কাছে’সহ ২০টি গান পরিবেশন করেন তাঁরা।
গানের ফাঁকে ফাঁকে ছিল মহানায়িকাকে নিয়ে আলোচনা। এতে অংশ নেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া আফরিন মল্লিক।
কবিতা উৎসব কাল শুরু
‘কবিতা সহে না দানব-যাতনা’ স্লোগান নিয়ে জাতীয় কবিতা উৎসবের ২৮তম আসর শুরু হচ্ছে কাল শনিবার।
জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে দুই দিনের উৎসবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। উৎসবটি উৎসর্গ করা হয়েছে জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা সদস্য কবি লুৎফর রহমান সরকার ও পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কবি দিলওয়ারকে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উৎসবের যুগ্ম আহ্বায়ক তারিক সুজাত, পরিষদের দুই কবি কাজী রোজী ও হালিম আজাদ এবং পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী ও সাধারণ সম্পাদক আসলাম সানী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসব উপলক্ষে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতি, নরওয়ের কবি জন ওয়াই জোনস, সুইডিশ কবি ক্রিশ্চিয়ান কার্লসন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথম দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
উৎসবস্থলে জাতীয় পতাকা উত্তোলনের পর একুশের গান ও উৎসব সংগীত পরিবেশন করা হবে। দুই দিনের এই উৎসবে রয়েছে বিভিন্ন ভাষার কবিদের মিলনমেলা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবিতার গান, কবিতা নিয়ে একাধিক সেমিনার ও প্রদর্শনী।
এ ছাড়া থাকবে দেশের ভিন্নভাষী নাগরিকদের জন্য ‘অন্য ভাষার কবিতা’ শিরোনামের একটি পৃথক অধিবেশন।
দুই দিনের উৎসবে অনুষ্ঠিত হবে তিনটি সেমিনার। দুই দিনে কবিতাপাঠের আসর থাকবে নয়টি। সমাপনী দিন রোববার বিকেল পাঁচটায় ঘোষণা করা হবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার।
পথনাটক উৎসব
‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ স্লোগান ধারণ করে বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করছে সপ্তাহব্যাপী জাতীয় ও বিভাগীয় নাট্যো-ৎসবের। ফেডারেশনের পাঁচ মাসব্যাপী কর্মসূচির ধারা-বাহিকতায় এ আয়োজনের উদ্বোধন জাতীয় সংগীত এবং একুশের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে।
গতকাল দুপুরে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, উৎসব কমিটির আহ্বায়ক চন্দন রেজা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে পথনাটক পরিবেশনায় অংশ নেবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নাটকের সংগঠন। পথনাটক ছাড়াও রয়েছে গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও নৃত্য।