গানের অনুষ্ঠান উপস্থাপনায় নোবেল
এবার ঈদে বাংলাভিশনের জন্য অনুষ্ঠান উপস্থাপনা করলেন জনপ্রিয় মডেল নোবেল। তিনি প্রথমবার উপস্থাপনায় নাম লেখান নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের ‘কিঞ্চিত’ নামের একটি অনুষ্ঠানে। প্রচারিত হয় একুশে টেলিভিশনে। গত দুই বছর ধরে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার নিয়ে পর্দার পেছনের গল্প অনুষ্ঠানটিও নিয়মিতভাবে উপস্থাপনা করছেন তিনি। এর বাইরে নোবেলকে আর সেভাবে কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়নি। এবারের ঈদ উপলক্ষে বাংলাভিশনের জন্য নির্মিত ‘অবাক তারার ফুল’ নামে গানের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন নোবেল। অনুষ্ঠানে তাঁর সঙ্গে অতিথি হিসেবে আছেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, এলিটা, মাহাদী ও আরফিন রুমী। আড্ডার পাশাপাশি এবারের ঈদে প্রকাশিত পাঁচটি নতুন গান গেয়েছেন তাঁরা।নোবেল বলেন, ‘গানের প্রতি আমার এক ধরনের আগ্রহ রয়েছে। বলতে পারেন এ ধরনের অনুষ্ঠানে আমার সঙ্গে সবার জমে ভালো। তা ছাড়া অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে প্রিন্স মাহমুদেরও একটা অনুরোধ ছিল। অনুষ্ঠানটি যেহেতু গান নিয়ে, তাই এ কাজটি করেছি। অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি। নোবেল আরও বলেন, আমি সাধারণত উপস্থাপনা করি না। গত দুই বছর ধরে শুধু মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার নিয়ে পর্দার পেছনের গল্প অনুষ্ঠানটি নিয়মিতভাবে উপস্থাপনা করছি।সাজ্জাদ হুসাইন প্রযোজিত অনুষ্ঠানটি বাংলাভিশনে ঈদের দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে দেখানো হবে।