গানের অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়ান স্টিভেনস
সুফিয়ান স্টিভেনস

চলচ্চিত্রে ‘অমুক’ বিভাগে সেরা—কথাটা কান পেতে একবার হলেও শোনার জন্য হয়তো উদ্‌গ্রীব হয়ে থাকেন কলাকুশলীরা। তাঁদের অনুপ্রেরণা দিতেই যে হলিউডে একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। তবে তখন এত জাঁকালো অনুষ্ঠান হয়নি। হাতে গোনা কয়েকটা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছিল। এমনকি একটা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশ ‘সংগীত’ বিভাগটা নিয়ে কোনো মাথাব্যথাই ছিল না আয়োজকদের। মাথায় ব্যথাটা হতে খুব বেশি দেরি হয়নি অবশ্য। ১৯৩৪ সালে সপ্তম একাডেমি অ্যাওয়ার্ডে প্রথম এই বিভাগে পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর থেকে অস্কারে গানের যাত্রা শুরু।

অ্যান্ড্রা ডে
অ্যান্ড্রা ডে

অস্কারে সংগীত বিভাগে পুরস্কার দেওয়া শুরু হলেও মঞ্চে মনোনীত গানগুলো পরিবেশনার ব্যাপারে শুরুতে ভাবেননি আয়োজকেরা। এক যুগ পরে তাঁদের মনে হলো সেই কথা। ১৯৪৬ সালে ১৮তম আসর থেকে অস্কার মঞ্চে গান পরিবেশনের রীতি চালু হয়। মনে হয় যেন তখন থেকেই অস্কার প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিবছর।

সেরা সংগীতের জন্য মনোনয়ন পাওয়া গানগুলো পরিবেশন করা হয় অস্কার অনুষ্ঠানে। সাধারণত মূল শিল্পীরা গানগুলো পরিবেশন করেন। অথচ প্রথম দিকে গানের মূল শিল্পী মঞ্চে উঠে ওই গান গাইতেন না। গাইতেন অন্য কোনো শিল্পী। হাল আমলেও মাঝেমধ্যে অন্য শিল্পীকে মনোনয়ন পাওয়া গান গাইতে দেখা গিয়েছে। তবে বেশ কয়েক বছর ধরে মূল শিল্পীরাই গেয়ে আসছেন। আবার কয়েক বার এমন হয়েছে যে মনোনয়ন পাওয়া পাঁচটি গানের শিল্পীদের মধ্যে তিনজন উপস্থিত হয়ে গান গেয়েছেন মঞ্চে।

মেরি জে ব্লিজ
মেরি জে ব্লিজ

আসছে ৯০তম আসরে কারা মনোনয়ন পেয়েছেন বা কে কোন গান গাচ্ছেন, সেই ঘোষণা ইতিমধ্যে দিয়েছেন অস্কার আয়োজকেরা। অস্কার প্রযোজক মাইকেল দে লুকা ও জেনিফার টড ঘোষণা দিয়েছেন পাঁচ শিল্পীর নাম। মার্কিন শিল্পী মিগেল গাইবেন কোকো ছবির ‘রিমেম্বার মি’। তাঁর সঙ্গে আরও গাইবেন মেক্সিকান অভিনেতা গায়েল গারসিয়া বারনাল ও মেক্সিকান গায়িকা নাতালিয়া লাফোরকাদে। মার্কিন সংগীতশিল্পী মেরি জে ব্লিজ গাইবেন ‘মাইটি রিভার’। গানটি মাডবাউন্ড ছবির। মার্শাল ছবির ‘স্ট্যান্ড আপ ফর সামথিং’ গানটি পরিবেশন করবেন মার্কিন গায়িকা অ্যান্ড্রা ডে ও হিপহপ তারকা কমন। কিয়ালা স্যাটল মূলত মার্কিন অভিনেত্রী। গায়িকা নন। তবু গাইবেন দ্য গ্রেটেস্ট শো ম্যান ছবির ‘দিজ ইজ মি’ গানটি। সুফিয়ান স্টিভেনস এরই মধ্যে হাঁকডাক ফেলে দিয়েছেন কল মি বাই ইউর নেম ছবির ‘মিস্ট্রি অব লাভ’ গানটি গেয়ে। অস্কারেও এই গান গাইবেন তিনি।

অস্কার মঞ্চে এই পরিবেশনা দেখতে হলে অপেক্ষা করতে হবে ৪ মার্চ পর্যন্ত। স্থানীয় সময় রাত আটটায় মার্কিন চ্যানেল এবিসিতে দেখা যাবে অস্কারের ৯০তম আয়োজন। সেই সঙ্গে জানা যাবে, কোনটা হলো সেরা গান আর কে হলেন সেরা শিল্পী।

সৈয়দা সাদিয়া শাহরীন

ইয়াহু, ফিল্মসাইট ও অস্কারস (একাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইট) অবলম্বনে