গানের আসরে এসিড-সন্ত্রাস প্রতিরোধের আহ্বান
মিলনায়তন ভর্তি দর্শক। সারা দিনের কর্মক্লান্ত শরীর অবসাদ থেকে মুক্তি পেতে যেন আশ্রয় নিয়েছে জাতীয় জাদুঘরের এই মূল মিলনায়তনে। মঞ্চে শিল্পীরা গাইলেন নিজের ও শ্রোতাদের পছন্দের কিছু গান। পাশাপাশি এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। মঞ্চ ঘিরে শ্রোতারা মুগ্ধ হয়ে গান শুনলেন এবং এসিড-সন্ত্রাস প্রতিরোধের শপথ নিলেন।তরুণ শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত থেকে শুরু করে লোকসংগীত, আধুনিক ও চলচ্চিত্রের গানে দর্শক মুগ্ধ। এসিড-সন্ত্রাস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গতকাল শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গান শোনালেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার তরুণ শিল্পী রাজীব ও ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পী পড়শী। সংগীত সংগঠন মেলোডির আয়োজনে এই অনুষ্ঠানে তাঁরা গান শোনান এবং দেশ থেকে এসিড-সন্ত্রাস নির্মূল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শুরুতে ছিল আলোচনা। সংগীত ও এসিড-সন্ত্রাস নিয়ে বক্তব্য দেন সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফেরদৌস ওয়াহিদ, মেলোডির পরিচালক ওমর মির্জা প্রমুখ। এরপর সমবেত কণ্ঠে ‘রেল লাইনের ধারে মেঠো পথটার’ গানটি দিয়ে গানের পালা শুরু হয়। এরপর তাঁরা শ্রোতাদের পছন্দমতো গেয়ে শোনান ‘বিমূর্ত এই রাত্রি আমার’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘কালিয়া সোনারে’, ‘মেঘলা দুপুর’, তোমার পরশে’ ইত্যাদি গান। অনুষ্ঠানে দর্শকেরা এসেছিলেন শিল্পীদের দুটি গানের অ্যালবাম কিনে। এই অ্যালবামগুলোই ছিল প্রবেশপত্রের মতো। অ্যালবাম দেখিয়ে তাঁরা মিলনায়তনে প্রবেশ করেন। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, অনুষ্ঠান থেকে আয় করা সমুদয় অর্থ এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে দেওয়া হবে।