গানের কারিগর মোশাররফ, অপূর্ব, আরফান ও নাঈম

মোশাররফ করিম, অপূর্ব, আরফান ও নাঈম—এই চারজনের মূল পরিচিতি অভিনয়শিল্পী হিসেবে। অভিনয়ের পাশাপাশি টুকটাক গানও গেয়েছেন তাঁরা। এবার ‘ব্যাচেলর’ ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। শুধু তা-ই নয়, গানটির কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন এই চার অভিনয়শিল্পী। গতকাল রোববার মিরপুর ডিওএইচএস এলাকার একটি শুটিংবাড়ির ছাদে গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়। আর এ জন্য শুটিংবাড়ির ছাদে মঞ্চ সাজিয়ে লাইভ কনসার্টের আয়োজন করা হয়। মঞ্চ পরিবেশনায় অংশ নেন অপূর্ব, মোশাররফ করিম, আরফান, নাঈমসহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি এর আগেও কয়েকটি নাটকের টাইটেল গান গেয়েছি। আমার কণ্ঠে সর্বশেষ গাওয়া গানটি ‘‘ভালোবাসার চতুষ্কোণ’’ ধারাবাহিক নাটকে ব্যবহূত হয়েছে। কিন্তু এবারের গাওয়ার ব্যাপারটা একেবারেই ভিন্ন।’
অপূর্ব আরও বলেন, ‘এই ধারাবাহিকে আমাদের শুধু অভিনয় করার কথা ছিল। শুটিংয়ের সময় নাটকের টাইটেল গান নিয়ে একেকজন একেক রকম পরিকল্পনার কথা বলছিলেন। তখন আমরা নিজেরাই গানটি করার চিন্তা করি। পরিকল্পনা অনুযায়ী ৪ মে সকালে মিরপুরে গানটির রেকর্ডিং হয়। সবার অংশগ্রহণে একটি চমত্কার আয়োজনে গানটির রেকর্ডিং করা হয়েছে। আর দৃশ্য ধারণের আয়োজনটিও ছিল অসাধারণ।’
‘ব্যাচেলর’ নামের ১০৪ পর্বের এই ধারাবাহিকটি আরটিভির জন্য নির্মিত হয়েছে। মেহেদী হাসান জনির রচনায় নাটকটির পরিচালক বি ইউ শুভ।