
‘মাই ডিয়ার কিশোর কুমার, ইউ আর মাই ব্রাদার। ইউ আর মাই আইউল।’ কাঁচা হাতে লিখেছিলেন বাংলাদেশের এক কিশোর। সেই কৈশোরে কিশোর কুমারের গানের প্রেমে পড়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন নামী গায়ক হওয়ার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পরিবারের সন্তান চন্দন সিন্হা। পাকিস্তানি হানাদার আর তাদের দোসরদের হাতে নিহত কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহ তাঁর ঠাকুরদা। পারিবারিক ঐতিহ্য আর সাফল্যের চেনা পথ তাঁকে পেছনে টেনেছিল হয়তো। কিন্তু জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েও চন্দন সিন্হা গায়ক হওয়ার স্বপ্ন ছাড়েননি কখনো। ছাড়েননি তাঁর প্রথম প্রমাণ মিলল ১৯৯০ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ডিগ্রি তাঁকে টেনেছিল। তার চেয়েও বেশি টেনেছিল চলচ্চিত্রনগর মুম্বাই। মাস্টার্স পরীক্ষা শেষ করার পরদিনই চম্পট। বোম্বের (মুম্বাই) পথে। সম্বল বলতে অমিতাভ বড়ুয়া ও ওস্তাদ মিহির লালার কাছ থেকে নেওয়া গানের তালিম। আর স্থানীয় কিছু অনুষ্ঠানে গান গাওয়ার অভিজ্ঞতা।
গানের টানে বাড়িঘর ছেড়ে কেন এই মুম্বাইযাত্রা?
‘লোকে বলত আমার গানের গলা খুব ভালো। তাই ভাবলাম, আমার স্বপ্নের নায়ক (কিশোর কুমার) যেখানে গান করেন, সেখানেই যাব গাইতে। যা থাকে কপালে।’ চন্দন সিন্হা এটিএন বাংলায় তাঁর অফিসঘরে বসে বলছিলেন দিন দুয়েক আগে। সফল গায়ক নাকি উদ্যোক্তা? তাঁর পরিচয় নিয়ে ধাঁধায় পড়তে পারেন অনেকে। আপাতত ‘আমি নিঃস্ব হয়ে যাব’র দুর্দান্ত সাফল্যের পর তাঁকে আপাদমস্তক গায়ক না বলে উপায় কী! পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবি হিসেবে কী করল সেই বিতর্ক পরে। কিন্তু চন্দন সিন্হা জয় করেছেন এই ছবির এক গান দিয়েই। ‘আমি নিঃস্ব হয়ে যাব’ তাঁকে এনে দিয়েছে সেরা গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিটিসেল-চ্যানেল আই সেরা গায়কের পুরস্কার। এমনকি মেরিল-প্রথম আলো পুরস্কার মনোনয়নও; যদিও এক গানের জাদুতে বিশ্বাসী নন তিনি।
‘আমি একটা গানে বাজিমাত করেছি—এমনটা বলতে চাই না। মুম্বাই থেকে ঢাকায় ফেরার পর খুব কঠিন সময় গেছে আমার। ওই সময়ে আমার জীবনের টার্নিং পয়েন্ট প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের সাহচর্য। তাঁর শীর্ষবিন্দু (১৯৯৪) ও জোয়ারভাটা (২০০০) ধারাবাহিকের শীর্ষসংগীত আমি গেয়েছিলাম। গেয়েছি দরিয়া পাড়ের দৌলতি ছবিতেও।’
সুযোগ হয়েছে কুমার শানু বা নচিকেতার মতো গায়কদের সঙ্গে এক মঞ্চে গাওয়ার। কিন্তু সেই যে ছেলেবেলার নায়ক কিশোর কুমার? না তাঁর সঙ্গে আর দেখা হয়নি। জানা হয়নি, কাঁচা হাতে লেখা চিঠিগুলো তিনি পেয়েছিলেন কি না। মুম্বাই-পালানোর বছর তিনেক আগেই কিশোর চলে গেছেন অচিনপুরে।
চন্দন বলছিলেন, ‘এখন কেউ যখন আমাকে বলে আপনার গানের সঙ্গে কিশোর কুমারের কোথায় যেন মিল। আমি জানি তারা বাড়িয়ে বলে। কিন্তু ভেতরে-ভেতরে একটু ভালো তো লাগেই। কিশোর কুমারের গানকে ভালোবেসেই তো এতকিছুর পরও গানের সঙ্গে থাকা।’ বলছিলেন চন্দন সিন্হা।