গানের জন্য গান ছাড়ছেন জাস্টিন বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

শিগগির জাস্টিন বিবারের পঞ্চম অ্যালবাম ‘জার্নালস’ প্রকাশিত হতে যাচ্ছে। অ্যালবামটি প্রকাশের পরপরই অবসর নেবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ১৯ বছর বয়সী এ পপ গায়ক।

নতুন অ্যালবাম প্রকাশিত হওয়ার পরপরই গানের জগত্ থেকে দীর্ঘ বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন জাস্টিন বিবার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার নতুন অ্যালবামটি মুক্তি পাওয়ার পর অবসরে যাচ্ছি আমি। সত্যিই আমি গান থেকে অবসর নিচ্ছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

বিবার আরও বলেন, ‘আমি প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। আমার গানকে অনেক বেশি পরিপক্ব করতে চাই। এ জন্য সব ধরনের উদ্যোগই আমি নেব। মূলত এ কারণেই গানের জগত্ থেকে দীর্ঘদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত পুরোপুরি মনস্থির করতে পারিনি আমি।’

উদ্ধত আচরণের কারণে এখন পর্যন্ত একাধিকবার নেতিবাচক খবরের শিরোনামে এসেছে বিবারের নাম। এ প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, ‘মানুষ মনে করে, আমি উদ্ধত আচরণ করি। বাস্তবিক অর্থে আমি মোটেও তেমন নই। আমি বরাবরই নিজেকে উদার মনের মানুষ বলেই ভেবে এসেছি। সব সময় অন্যদের প্রতি যত্নশীল আচরণ করার চেষ্টা থাকে আমার মধ্যে। তবে আমার বয়স মাত্র ১৯ বছর। অল্প বয়সের কারণে আমার ভুলভ্রান্তি থাকতেই পারে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই।’

২০০৯ সালে ‘মাই ওয়ার্ল্ড’ অ্যালবাম মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর শুধুই সামনের দিকে পথ হেঁটেছেন এই ‘বেবি’ তারকা। স্পর্শ করেছেন জনপ্রিয়তার শীর্ষবিন্দু। ‘টিন সেনসেশন’ তকমাও পেয়েছেন ১৯ বছর বয়সী এ সংগীত তারকা।

‘মাই ওয়ার্ল্ড’-এর পর ২০১০ সালে মুক্তি পায় বিবারের দ্বিতীয় অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’। পরের দুটি বছরে প্রকাশিত হয় বিবারের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম ‘আন্ডার দ্য মিজলটো’ (২০১১) এবং ‘বিলিভ’ (২০১২)।