গানের পাঁচ তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকআউট পর্ব-২-এ আছেন আইয়ুব বাচ্চু, আসিফ আকবর, বালাম, হাবিব ও হূদয় খান। তাঁদের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে এই প্রতিবেদন।কী করছেন? ‘শুধুই গান।’ মুঠোফোনে আলাপচারিতায় কাজের ফিরিস্তি, পরিকল্পনা জানতে চাইলে আইয়ুব বাচ্চু জানালেন, তিনি শুধু গান নিয়ে ব্যস্ত। এটাই স্বাভাবিক। আইয়ুব বাচ্চু বলে কথা। বিগত দুই দশকেরও বেশি সময় বাংলাদেশের অডিও-রাজ্যে দাপটের সঙ্গে বিচরণ করা এই শিল্পী তো গানই করবেন। তবে কি গান ছাড়া আর কিছুই করেন না? করি। খাই-দাই, ঘুমাই; আর ঘুরিফিরি। আইয়ুব বাচ্চুর রসিক মন্তব্য।লন্ডনে যাচ্ছে এলআরবি। আর এলআরবি মানেই তো আইয়ুব বাচ্চু। যুক্তরাজ্যে লন্ডন আনন্দ উৎসবে গান গাইতেই তাঁর লন্ডনে যাওয়া। লন্ডনে আনন্দবাজার পত্রিকার আয়োজনে প্রতিবছর বাঙালিদের লন্ডন আনন্দ উৎসব হয়ে আসছে। ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত হবে এই উৎসব। ১৯ মার্চ লন্ডনের আলেক্সান্ড্রা প্যালেসের গ্রেট হলে বিকেল পাঁচটায় এই উৎসবের উদ্বোধন হবে। আর শেষ দিনে গাইবেন বাচ্চু ও তাঁর দল; অর্থাত্ এলআরবি। ১৯ মার্চ রাতেই রওনা হওয়ার কথা তাঁদের। আইয়ুব বাচ্চুকে এসএমএসে ভোট দিতে মুঠোফোন সেটের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5a লিখে ২২২১ নম্বরে পাঠাতে হবে।পাশাপাশি কুপন তো আছেই। আসিফ আকবর। সেই প্রথম আলোচিত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর জন্য মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছিলেন। এখন নিজেই সরে যাচ্ছেন গানের ভুবন থেকে। মাস কয়েক আগে ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রে আর গাইবেন না। আর এই তো কদিন আগে ঘোষণা দিলেন, সেপ্টেম্বর থেকে তিনি আর কোনো নতুন গানই গাইবেন না। আর এই সময়ের মধ্যে তিনটি নতুন অ্যালবাম বাজারে আসছে তাঁর। একটি একক, অপর দুটি কনকচাঁপা ও মুহিনের সঙ্গে দ্বৈত অ্যালবাম। এখন ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যবসা ও রাজনীতি নিয়ে। সংগীতজগতের অসংগতি আর অসামঞ্জস্যতার বিরুদ্ধে তাঁর এই প্রতিবাদ। তাই বলে ভক্তরা আর আসিফের গান শুনতে পারবে না? পারবে অবশ্যই। আসিফ জানালেন, মঞ্চে নিয়মিত গাইবেন।মুঠোফোন সেটের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5b লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে আসিফকে ভোট দেওয়া যাবে। পত্রিকার কুপনেও ভোট দেওয়া যাবে।বালামকে ফোনে পাওয়া যায় না। সকাল, দুপুর, সন্ধ্যা—কখন যে এই যন্ত্রটি বন্ধ থাকবে তা বলা মুশকিল। কী করছিলেন? মাঝেমধ্যে জবাব পাওয়া যায়, ‘ভাই, ঘুমাচ্ছিলাম।’ অ্যাঁ! ভরদুপুরে ঘুম! ‘সারা রাত স্টুডিওতে ছিলাম, গানের কাজে।’ কোরবানির ঈদে বালামের অ্যালবাম বের হওয়ার কথা থাকলেও নানা কারণে তখন বের হয়নি। শেষ পর্যন্ত ২ মার্চ বাজারে এসেছে তাঁর সর্বশেষ অ্যালবাম বালাম ৩। বালাম, বালাম ২, বালাম ৩—এই তিন অ্যালবামেই তিনি শ্রোতাদের কাছে হয়েছেন দারুণ জনপ্রিয়। জানালেন, সর্বশেষ অ্যালবামের পর আবার নতুন কাজ শুরু করেছেন। বালামকে ভোট দিতে মুঠোফোন সেটের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5c লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে দিন। কুপন পূরণ করেও পাঠাতে পারেন বালামের জন্য।বিগত কয়েক বছরের আলোচিত গায়ক হাবিবের দম ফেলার সময় নেই। গাওয়ার পাশাপাশি গান তৈরি করছেন। কখনো নিজের জন্য, কখনো অন্যের জন্য। অডিও, নাটক, সিনেমা—সবই চলে তাঁর গানের কারখানায়। গেল সপ্তাহে নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওর কাজ করতে ব্যাংককে গিয়েছিলেন হাবিব। গত সোমবার ফিরেছেন। আগামী সপ্তাহে আবারও পাড়ি দেবেন হংকংয়ের উদ্দেশে। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যস্ততা ছিল সোহেল আরমান পরিচালিত এই তো প্রেম চলচ্চিত্রটির সংগীত পরিচালনার কাজে। এই ছবির একটি গান তো এখন সবার মুখে মুখে ‘আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই...’।মুঠোফোন সেটের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5e লিখে ২২২১ নম্বরে পাঠিয়ে হাবিবকে ভোট দেওয়া যাবে।কুপন তো রইলই।হূদয় খান এবারই প্রথমবারের মতো মেরিল প্রথমআলো তারকাজরিপে সেরা কণ্ঠশিল্পী হিসাবে মনোনয়ন পেয়েছেন। ‘বলনা তুই বলনা’ অ্যালবামের জন্য সর্বশেষ সেরা ৫জনের ভিতর হূদয় মনোনয় পেয়েছেন। একাধারে পড়াশোনা আবার গান—দুটোই চালিয়ে যাচ্ছেন একসঙ্গে। সম্প্রতি শেষ করেছেন হূদয় মিক্সড টু অ্যালবামের কাজ। আমি খুবই আশাবাদী অ্যালবামটি নিয়ে নিয়ে।’ বলছিলেন হূদয়। আগামী পহেলা বৈশাখ অ্যালবামটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অডিও গানের পাশাপাশি সম্প্রতি তিনি মনযোগ দিয়েছেন চলচ্চিত্রের গানের কাজ করছেন। একটি চলচ্চিত্রে সবগুলো গান করছেন তৈরী করছেন তিনি। আপনারা যদি হূদয়ে চুড়ান্ত বিজয়ী হিসাবে দেখতে চান তবে , তবে হূদয়ের জন্য ভোট করুন আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে MP লিখে স্পেস দিয়ে 5f লিখে ২২২১ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে। এ ছাড়া আপনি ইচ্ছা করলে কুপন পূরণ করেও ভোট করতে পারেন।যেসব মুঠোফোন থেকে আপনি খুদে বার্তা পাঠাতে পারবেন, তা হলো গ্রামীণফোন, বাংলা লিংক, সিটিসেল, একটেল, টেলিটক ও ওয়ারিদ।(মনোনীত তারকাদের নাম ও ছবি বর্ণানুক্রমিকভাবে ছাপা হলো)