গানের প্রতিযোগিতায় বিচারক হচ্ছেন সাবিনা
সাবিনা ইয়াসমিন আবারও গানের প্রতিযোগিতার বিচারক হচ্ছেন। এর আগে একটি গানের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেখা গেলেও এবার পোশাকশ্রমিকদের নিয়ে আয়োজিত একটি গানের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে আয়োজকদের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত কথা হয় সাবিনা ইয়াসমিনের। আগামী ১৬ অক্টোবর এফডিসিতে প্রতিযোগিতার শুটিং শুরু হবে। পোশাকশ্রমিকদের নিয়ে 'গর্ব-সমৃদ্ধি সৈনিকের গানের প্রতিযোগিতা' যৌথভাবে আয়োজন করছে বিজিএমইএ, বাংলাভিশন ও গানচিল। এ প্রতিযোগিতায় গায়ক আসিফ আকবরও বিচারকের দায়িত্ব পালন করবেন।আবারও গানের প্রতিযোগিতার বিচারক হওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, 'এ রকম একটি প্রতিযোগিতার বিচারক হতে পেরে আমার খুব ভালো লাগছে। প্রতিযোগিতার ধারণাটিও আমার খুব ভালো লেগেছে। আমাদের দেশের সমৃদ্ধির ক্ষেত্রে পোশাকশ্রমিকেরা অনেক বড় ভূমিকা রাখেন। তাঁরা যেন গানের ক্ষেত্রে উত্সাহ পান, বলতে পারেন সে জায়গাটা বিবেচনা করে রাজি হয়েছি।'