গানের প্রীতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতম হাসান ছ​িব: সুমন ইউসুফ
প্রীতম হাসান ছ​িব: সুমন ইউসুফ

বেশ মজার গান। বিজয় উল্লাসে এ গান যোগ করবে নতুন মাত্রা। ‘গেট রেডি গেট ফ্রেশ’ নামের গানটি তৈরি করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলকে উৎসাহ আর উদ্দীপনা জোগাতে। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গেয়েছেনও তিনি। এমন মজার গান তৈরি করেছেন যিনি, তিনিও না জানি কত মজার! এসব ভেবেই প্রীতমের সঙ্গে আড্ডায় বসা।
যতটা চঞ্চলতা প্রীতমের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি গানে, ততটাই স্থিরতা এই ছেলেটির ভেতর। অন্তত প্রীতমের সঙ্গে আলাপের শুরুতেই এটা ভেবে নেয় অনেকে। কারণ অনেক প্রশংসাবাণীতেও এই শিল্পী নির্বিকার, নির্লিপ্ত। তবে যখনই গান নিয়ে শুরু হলো আড্ডা, তখন সেই ‘গেট রেডি গেট ফ্রেশ’ গানটির মতোই অস্থিরতা প্রীতমের কথায়। তিনিও যেন গানের প্রসঙ্গ আসতেই একেবারে ‘ফ্রেশ’ অর্থাৎ সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠলেন।
গান নিয়ে অনেক নতুন নতুন ভাবনা তাঁর। সুর দিয়ে প্রাচ্য-পাশ্চাত্যকে মেলানোর ইচ্ছা। এরই মধ্যে দেশীয় গানের বিভিন্ন ধারাকে এক করে তৈরি করেছেন কিছু গান, যা প্রীতম নিজের প্রথম অ্যালবামে রাখতে চান। তাঁর সংগীতায়োজনে ‘স্কুল খুইলাছে’ গানটি গেয়েছেন ফকির আলমগীর, সঙ্গে যোগ করেছেন বাংলাদেশি র্যাপার এবিডির র্যাপ। তা ছাড়া নিজেও গান করেছেন কুদ্দুছ বয়াতির সঙ্গে। এমনই কিছু নতুন নতুন রসায়ন থাকছে প্রীতমের নতুন অ্যালবামে। অ্যালবামটি কবে আসবে? দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
তবে নতুন অ্যালবামের আগে প্রীতম তাঁর পুরোনো কাজগুলোর কথাও জানালেন। বললেন, ‘নিজের অ্যালবাম হোক কিংবা কোনো ছোট কাজ, আমার জন্য সব কাজই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি কম্পোজিশনই আমি করি সমান প্রতিশ্রুতি আর পরিশ্রম দিয়ে।’
এ পর্যন্ত প্রীতম চারটি চলচ্চিত্রে সুর ও সংগীতায়োজনের কাজ করেছেন। ছবিগুলো হলো অস্তিত্ব, আদি, রাজনীতি ও ভ্রমর। কাজ করেছেন বিভিন্ন জিংগেলে। লম্বা সময় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সহযোগী হয়েও কাজ করেছেন। তাই নিজের সংগীত জীবনে যতটুকু প্রাপ্তি তার জন্য হাবিবের অবদান অনেক বলে জানান প্রীতম। সুরকার ও সংগীতশিল্পী অদিত আর গীতিকার আসিফ ইকবালও গানের জগতে নানাভাবে প্রীতমকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।
তবে একটি তথ্য যা কিনা প্রীতম সবশেষে দিতে চান, তা হলো তাঁর বাবার কথা। তিনি বললেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে আমি, বিষয়টি আমার জন্য গর্বের। কিন্তু আমার বাবাকে সব সময় আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি। খালিদ হাসান মিলুর ছেলে প্রীতম এমনটা নয়। যেদিন মানুষ জানবে “প্রীতমের বাবা খালিদ হাসান মিলু” সেদিন হয়তো বাবাও অনেক খুশি হবেন।’
প্রীতম জানান, তাঁর বড় ভাই প্রতীক হাসান যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গানের জগতে, নিজস্বতা দিয়ে প্রীতম তাঁর ভাইকেও ছাড়িয়ে যেতে চান। বললেন, ‘ভাইয়া যেভাবে সব সামলে এতটা পথ এসেছে, আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দিয়েছে, তা নিয়ে আমি অনেকটা পথ যেতে পারব।’