গানের পড়শী এবার বিজ্ঞাপনে
ক্ষুদে গানরাজখ্যাত পড়শীর পরিচিতি একজন কণ্ঠশিল্পী। এবার নতুন পরিচয়ে আসছেন পড়শী। বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। গতকাল একটি মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের জন্য নির্মিত বিজ্ঞাপচিত্রের শুটিংয়ে অংশ নেন পড়শী। এর মধ্য দিয়ে এবারই প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন পড়শী। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা মেহেদী হাসান।প্রথম আলো ডটকমকে পড়শী বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রের শুটিং, তাই প্রথমদিকে কিছুটা ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু শুটিং শুরু হওয়ার পর সবাই আমাকে এতটা আপন করে নিয়েছে যে পুরো কাজটি ভালোভাবে করতে পেরেছি। সবশেষ যখন রাত ১১টার দিকে নির্মাতার কাছ থেকে বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয়ের ব্যাপারে প্রশংসা শুনলাম, তখন সারাদিনের সব কষ্ট নিমিষে দূর হয়ে গেল। প্রথম বিজ্ঞাপনের শুটিং অভিজ্ঞতা এক কথায় অসাধারণ।’পড়শী জানান, এরই মধ্যে তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর ওই মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন, বিলবোর্ড, কনসার্টসহ প্রচারণামূলক নানা কাজে অংশ নেবেন তিনি। বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়া ছাড়াও পড়শীকে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত করা হয়েছে। আর প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হতে পেরে পড়শী নিজেও বেশ আনন্দিত।জানা গেছে, পড়শী অভিনীত বিজ্ঞাপনচিত্রটি সামনের মাস থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে। ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার পর প্রকাশিত হয় পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’। এ বছরের শুরুর দিকে প্রকাশিত হয়েছে পড়শীর দ্বিতীয় একক ‘পড়শী-২’।