গানের বাজারে ঈদের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ,বাপ্পা মজুমদার
মমতাজ,বাপ্পা মজুমদার

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। কিন্তু সংগীতশিল্পীদের ঈদ শুরু হয়ে গেছে আরও আগে। ঢাকা শহরের রেকর্ডিং স্টুডিওগুলো এখন জেগে আছে দিন-রাত।
দেখা গেছে, কোনো স্টুডিওতে একটি অ্যালবামের গান শেষ করে শিল্পী ছুটছেন আরেক স্টুডিওতে অন্য কোনো গানের রেকর্ডিংয়ে। যে করেই হোক, ঈদের আগেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে হবে। সোমবার সন্ধ্যায় কথা প্রসঙ্গে মমতাজ বললেন, ‘রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই একসঙ্গে কয়েকটি গানের রেকর্ডিং ঠিক করেই স্টুডিওতে ঢুকি। আছে টিভি চ্যানেলের অনুষ্ঠানও।’
ন্যান্সি তাঁর ১৭ দিন বয়সী ছোট্ট শিশু আলিনাকে হারানোর পর অনেক দিন কাজ থেকে দূরে ছিলেন। সপ্তাহ খানেক ধরে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এখনো তাঁকে ঢাকা আর ময়মনসিংহ ছুটোছুটি করেই কাজ করতে হচ্ছে। সোমবার দুপুরে ন্যান্সি বলেন, ‘সপ্তাহে দুই থেকে তিন দিন ঢাকায় থাকি। এই সময়টাতে সব রেকর্ডিং শেষ করি।’

ঈদে আসছে কনার গান
ঈদে আসছে কনার গান

অনেক দিন ধরেই নতুন একক অ্যালবামের কাজ করছিলেন কনা। হুট করেই জানা গেল, এবার ঈদেই আসছে তাঁর নতুন একক গানের অ্যালবাম। তাই কিছুদিন ধরে কনাকে ছুটতে হচ্ছে স্টুডিও থেকে স্টুডিওতে।
এবারের ঈদে বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে থাকবে বাপ্পা মজুমদারের গান। বাপ্পা বলেন, ‘বেশ কিছুদিন আমাকে দিয়ে বেশ কয়েকটি গান রেকর্ড করানো হয়। শুনছি, সেসব গান ঈদের অ্যালবামে রাখছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।’
এ ছাড়া এবারের ঈদে যেসব শিল্পীর গান ও অ্যালবাম ঈদে বের হচ্ছে তাঁরা হলেন আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, ফাহমিদা নবী, হাবিব, বালাম, তাহসান, হৃদয় খান, এলিটা, তপু, কোনাল, মিনার, ইমরান, কিশোর, শফিক তুহিন, বেলাল খান, শোয়েব, তৌসিফ, মিলন মাহমুদ, তানজীব, কাজী শুভ, ডি রকস্টার শুভ, নাজু আখন্দ, শায়লা মোস্তফা। ব্যান্ডেরও কয়েকটি অ্যালবাম প্রকাশিত হবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান।
শিল্পী ও প্রযোজক দেনদরবার
গান গাওয়া শেষ। মিক্স মাস্টারিংও শেষ। শ্রোতাদের কাছে গান পৌঁছে দেওয়ার জন্য বাজারজাত করার মাধ্যম হিসেবে ভূমিকা রাখে প্রযোজনা প্রতিষ্ঠান। শুরু হয় শিল্পী আর প্রযোজকের দেনদরবার। শিল্পীদের মতে, যে প্রতিষ্ঠান পরিশ্রম ও মেধাকে পরিপূর্ণ মূল্যায়ন করে থাকে, তাদের অ্যালবাম বাজারজাত করার দায়িত্ব দিয়ে দেন। তাই এ নিয়ে শিল্পী ও প্রযোজকের সঙ্গে কয়েক দফা দেনদরবার চলে।

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম বলেন, ‘সময়ের জনপ্রিয় এবং গুণী শিল্পীদের গান দিয়ে এবার ঈদে আমরা ১৬টি অ্যালবাম প্রকাশ করছি। প্রাপ্য সকল সম্মানী বুঝিয়ে দেওয়ার পর অ্যালবাম বাজারজাত শুরু করি।’
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বললেন, ‘আমরা তো সারা বছরই অ্যালবাম প্রকাশ করি। বলতে পারেন, সারা বছর আমাদের ঈদ। তাই বিশেষ নজর ঈদে থাকে না।’

পুরোনো প্রতিষ্ঠানগুলোর ফেরা
মাঝে অনেক বছর অ্যালবাম প্রকাশ থেকে দূরে সরে ছিল অডিও বাজারের বেশ কয়েকটি নামকরা অডিও প্রতিষ্ঠান। এবার সেই চিত্রটা বদলেছে। এ বছর যেন পুরোনো অনেক প্রতিষ্ঠান নড়েচড়ে বসেছে। দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি তরুণ অনেক শিল্পীর অ্যালবাম প্রকাশ করছে তারা। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় সরেজমিনে পরিদর্শন শেষে এসব চিত্র চোখে পড়েছে।
সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী বললেন, ‘শিল্পীদের অধিকারের কথা মাথায় রাখছি আমরা। সবাই যেন সমানভাবে লাভবান হতে পারে, সেটা আমরা দেখছি।’
সিএমভি ছাড়াও এবারের ঈদে সাউন্ডটেক, সংগীতা, সুরঞ্জলি, চেনা সুর, ঈগল মিউজিকসহ পুরোনো অনেক প্রতিষ্ঠান সময়ের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি সিনিয়র শিল্পীদের গান ও অ্যালবাম প্রকাশ করেছে। আছে লেজার ভিশন, জি-সিরিজ আর অগ্নিবীণাও।

ন্যান্‌সি ভক্তদের জন্য সুখবর। আসছে তারও গান
ন্যান্‌সি ভক্তদের জন্য সুখবর। আসছে তারও গান

প্রচ্ছদশিল্পীদের ব্যস্ততা
প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে একজন শিল্পীর অ্যালবাম জমা পড়ার পর বাজারে ছাড়ার প্রস্তুতি নিতে হয়। এর আগে করতে হয় প্রচ্ছদ ডিজাইন। কেউ ব্যক্তি উদ্যোগে আবার কেউবা প্রাতিষ্ঠানিকভাবে এই কাজ করে থাকেন। গানের অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন করে থাকে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে আছে প্ল্যান বি ও নিডলস আর্ট। ব্যক্তি উদ্যোগে এ কাজ করে থাকেন মাসুম বিল্লাহ, মামুন ও বোরহান আহমেদ।
প্ল্যান বির প্রধান পরিচালন কর্মকর্তা জাহান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণার কাজই বেশি করে থাকে। ঈদে এই প্রতিষ্ঠান থেকেও এবারও শ খানেক অ্যালবাম প্রকাশিত হচ্ছে। রোজার সপ্তাহ তিনেক আগে অ্যালবামগুলো আমরা হাতে পাই। এরপর থিম অনুযায়ী কাজ শুরু করি।’
অ্যাপে চলছে ঈদ প্রস্তুতি
বেশ কয়েক বছর আগে সিডির পাশাপাশি ডিজিটালিও গান প্রকাশ শুরু করেন শিল্পীরা। গানের বাজারের কথা চিন্তা করে দেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন একটি অ্যাপ নিয়ে এসেছে। জিপি মিউজিক নামের এই অ্যাপে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি তরুণদের গানও রয়েছে। সম্প্রতি বেশ বড় পরিসরে নতুন আরেকটি অ্যাপ চালু করেছে রবি। ইয়োন্ডার মিউজিক নামের এই অ্যাপ কর্তৃপক্ষ এবার বেশ জোরেশোরে ঈদ আয়োজনের প্রস্তুতি নিয়েছে।
জিপি মিউজিক ও ইয়োন্ডার ছাড়া ‘গান’, ‘এমজেমস’সহ আরও দুটি অ্যাপ সংগীত নিয়ে কাজ করছে। এসব অ্যাপে দেশের শিল্পীদের পাশাপাশি বিশ্বসংগীতের অনেক তারকার গান রয়েছে।

ইউটিউবে
গান শুধু এখন শোনার নয়, দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারের ঈদ উপলক্ষে বেশ কয়েকজন শিল্পী তাঁদের গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। বড় বাজেটের পাশাপাশি শিল্পীরা স্টুডিও সংস্করণও রাখেন।

ইফতার আয়োজনে অ্যালবাম প্রচারণা
শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো রোজায় ইফতারের সময়টাকে তাঁদের প্রচারণার মোক্ষম সুযোগ মনে করেন। রমজান মাসজুড়েই শিল্পীরা তাঁদের অ্যালবামের মোড়ক উন্মোচনের সময়টা ইফতারের সময় ঠিক করেন। এরই মধ্যে বেশ কয়েকটি অ্যালবামের মোড়ক খোলা হয়েছে এই কয়েক রোজায়।