
এবারের অালোচনা আমরা শুরু করব একটি সেলিব্রিটি শোর বিবরণ দিয়ে। ১৬ মার্চ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টুটলি রহমানের উপস্থাপনায় এনটিভিতে প্রচারিত হলো সেলিব্রিটি শো ‘চায়ের আড্ডা’। এবারে অতিথি ছিলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শম্পা রেজা। চায়ের আড্ডার আলাপচারিতায় একে একে উঠে এসেছে শিল্পীর শৈশব-কৈশোরের নানা দিক। পাশাপাশি শিল্পচর্চা নিয়ে তাঁর উপলব্ধি এবং মতামতও তিনি তুলে ধরেছেন অকপটে। সাধনার ক্ষেত্রে তিনি নিষ্ঠা, শুদ্ধতা ও সহিষ্ণুতায় বিশ্বাসী। কথার ফাঁকে ফাঁকে তাঁর পরিবেশিত কবিতা ও গান অনুষ্ঠানটিকে অলংকৃত করেছে। কিন্তু বাচনভঙ্গি ছিল কৃত্রিম ও অনাবশ্যক এবং অস্বাভাবিক ছিল তাঁর নাটকীয় কণ্ঠস্বর। এ ব্যাপারে তাঁর সচেতনতা আবশ্যক।
এবারে আসি সরাসরি প্রচারিত একটি গানের অনুষ্ঠানে। ১৬ মার্চ রাত ১১টায় কৌশিক শংকর দাশের উপস্থাপনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। এবারের অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ। অনুষ্ঠানে একটানা প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেছেন তিনি। তাঁর এ দিনের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের পাশাপাশি ছিল আধুনিক, দেশাত্মবোধক বিভিন্ন অঙ্গের গান। পরিবেশনার এ বৈচিত্র্যের কারণে শিল্পী নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু পাশাপাশি এ অনুষ্ঠানে ধরা পড়েছে তাঁর নানা দুর্বলতা ও ত্রুটি-বিচ্যুতি। যেমন মাঝেমধ্যেই গানের বাণী ভুলে গেছেন তিনি। কখনো গোঁজামিল দিয়ে চলে গেছেন। কখনো বা ক্ষমা চেয়েছেন। একজন দর্শকের অনুরোধের গান গাইতে গিয়ে তো বাণী ভুল করে করজোড়ে ক্ষমাও চাইলেন। আরেকটি বিষয়, আমরা তো শিল্পী নই তবু মনে হচ্ছিল, তাঁর কণ্ঠ যেন সুরে লাগছে না। বিশেষ করে আধুনিক গানগুলোতে। যেমন ‘মুছে যাওয়া দিনগুলি’,‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ ‘ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে’ ইত্যাদি গান পরিবেশনের সময় সুর যখন চড়ায় যাচ্ছিল, তখন কণ্ঠ যেমন সুরে লাগছিল না, তেমনি দমেও যেন কুলিয়ে উঠতে পারছিলেন না। এ দিকগুলোতে এখন তাঁর সতর্ক হওয়া প্রয়োজন। গানের পাশাপাশি শিল্পীর শান্তিনিকেতনে অধ্যয়ন জীবনের গল্পগুলো দর্শকের কাছে আকর্ষণীয় হয়েছে।
এবার আমাদের নিয়মিত আলোচনার বিষয় টেলিছবি ও নাটক। ১৬ মার্চ রাত ১১টায় এটিএনে প্রচারিত হলো টেলিছবি ফোকাল পয়েন্ট। রচনা হারুন রুশো, পরিচালনা তারিক আল হারুন। অভিনয় করেছেন আবুল হায়াত, তৌসিফ, ইশানা, প্রমুখ।
টেলিছবির গল্পটি এ রকম, তৌসিফ ফটোগ্রাফার। ইশানার ছবি তুলে সে তার প্রেমে পড়ে যায়। তারপর প্রস্তাব। প্রত্যাখ্যান। পিছু নেওয়া। অতঃপর প্রেম। কিন্তু মাঝে এসে বাদ সাধল, ইশানার ফটোগ্রাফি অপছন্দ। আর অপছন্দের কারণ, অতীত জীবনে তার পরিবারের তিক্ত অভিজ্ঞতা। এদিকে নিবিড় ও দৃঢ়প্রতিজ্ঞ, ফটোগ্রাফি ছাড়বে না। শেষে বাবা আবুল হায়াতের মধ্যস্থতায় জীবনের ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং মিলন।
গল্প সাদামাটা, চিত্রনাট্য ও পরিচালনা আরও সাদামাটা এবং দুর্বল। টেলিছবির যে দিকগুলো দর্শকের কাছে বেশি অসংগতিপূর্ণ মনে হয়েছে তা হলো, পথের মাঝে ডেকে প্রথম পরিচয়ের সময়ই যেচে ছবি উপহার দেওয়া অস্বাভাবিক। এরপর ‘কথা আছে’ বলার পরের দৃশ্যেই দেখা যায় তাদের প্রেম হয়ে গেছে, এক আইসক্রিম দুজন চেটে চেটে খাচ্ছে, এটি শুধু অস্বাভাবিক নয়, অবাস্তব এবং শেষে জীবনের ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে গিয়ে তৌসিফের সাধনার ক্ষেত্র ‘ফটোগ্রাফি’ ত্যাগ করা, গল্পটিকে দুর্বল করে ফেলেছে।
১৭ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মজিবুল হকের পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো নাটক ফেসবুক ভাইরাস। আমরা জানি, ফেসবুক আমাদের বর্তমান সমাজ ও জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত বিষয়। নাটকে তুলে ধরা হয়েছে ফেসবুকের মাধ্যমে পরিচয়, প্রেম ও লোভ দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গল্প। গল্পটি গতানুগতিক ও অসংগতিপূর্ণ হওয়ায় দর্শকের দৃষ্টি আকর্ষণে হয়েছে অসমর্থ ও ব্যর্থ।