গানের মানুষের ঈদ

আইয়ুব বাচ্চুর সুরের ‘কেমন আছ নাগরিক সকাল ... গানটির মতো এবারের ঈদে আরও অনেক শিল্পীর অনেক গানই আপনার মনকে খুশিতে ভরিয়ে দেবে। যাঁরা খুশিতে ভরিয়ে দেন আপনাদের মন, কেমন করে ঈদের খুশিতে মেতে ওঠেন তাঁরা? প্রিয় এই গানের মানুষগুলো ঈদ উদযাপন করেন নানাভাবে। এবারের ঈদ তাঁরা কীভাবে পালন করছেন, চলুন শুনে আসি তাঁদের কাছ থেকেই।
আইয়ুব বাচ্চু: ঈদে বাসায় ঘুমাব... সবাইকে ঈদের উপহার দিতে চাই
আইয়ুব বাচ্চু জানিয়েছেন, ঈদ ঢাকায় করছি। কোথাও যাচ্ছি না। মগবাজারে ঈদের নামাজ শেষে বাসাতেই থাকব। আর এবার ঈদে বাসায় ঘুমাব। কোথাও বের হতে চাই না। আর সবাইকে ঈদের উপহার দিতে চাই। নিজেও বেশ কিছু উপহার ইতিমধ্যে পেয়েছি।
ফাহমিদা নবী: ঈদ ঢাকাতেই ... কাছের মানুষকে ঈদ উপহার দিয়েছি
সাধারণত ঢাকাতেই ঈদ করেন ফাহমিদা নবী, এবারও তাই হবে। তিনি জানিয়েছেন, ঈদ ঢাকাতেই করি। এবারও তার ব্যতিক্রম হবে না। আর আমি দেশ-বিদেশের বন্ধু-বান্ধবদের কাছে থেকে ঈদে উপহার পেয়েছি। আর আমিও বেশ কিছু কাছের মানুষকে ঈদ উপহার দিয়েছি।
আসিফ: পরিবারের সবার সাথে ঈদ
আসিফ বলেছেন, ঈদের দিন ঢাকায় ঈদের নামাজ শেষে বিকেল বেলা কুমিল্লায় যাওয়া হবে। আর আমার স্ত্রী মিতু আমার জন্য ঈদ উপহার রেখেছেন। সেটার জন্য অপেক্ষা করছি। আর আমার দুই পুত্র রণ-রুদ্রসহ পরিবারের সবার সাথে ঈদ কাটাতে চাই। আর সবার জন্য আমার ঈদ উপহার তো থাকছেই।

হাবিব: ঈদ করব আমার পুত্রের সঙ্গে
হাবিব বলেন, নিজ পরিবারের সঙ্গে ঈদ ঢাকায় করতে চাই। এবার ঈদ করব আমার পুত্রের সঙ্গে। এবার একা ঈদের নামাজ পড়লেও আগামী ঈদে ইচ্ছে আছে আমার পুত্রের সাথে ঈদ নামাজ পড়ার। পরিবারের সবার সাথে ঈদ করতে চাই।
ন্যান্সি: ঈদ এবার শ্বশুরবাড়ি ময়মনসিংহে
ন্যান্সি বলেন, ঈদ এবার শ্বশুরবাড়ি ময়মনসিংহে করব। মাকে ছাড়াও এটা আমার প্রথম ঈদ। ফলে একদিকে যেমন মন ভালো আবার অন্যদিকে মার কথা ভেবে মনটাও খারাপ হচ্ছে। আর ঈদে সবার জন্য কেনাকাটা করেছি।
তাহসান : পরিবাগের বাসাতেই ঈদ... অতিথি আপ্যায়ন
তাহসান জানিয়েছেন, পরিবাগের বাসাতেই ঈদ করব। আর ঈদে মিথিলাসহ অতিথি আপ্যায়নের জন্য সারাদিন বাসাতেই থাকা হয়। আর এবার ঈদে আমার অভিনীত বেশকিছু নাটক যাবে। সময় পেলে বসে নাটকগুলো দেখতে চাই।

কোনাল: এবারের ঈদের মজাই অন্যরকম
কোনাল বলেন, ঈদ উপলক্ষে মা ও ছোট ভাই কুয়েত থেকে এসেছেন। তাই এবারের ঈদের মজাই অন্য রকম তাঁর কাছে। ‘চার বছর ধরে ঢাকায় ঈদ করছি। ঈদের দিন সকালে দাদা বাড়ি মানিকগঞ্জ যাই। এবার যেহেতু মা ও ভাই আছে তাই আনন্দটা হবে বেশি। দাদা বাড়ি নানা বাড়ি ঘুরে এসে বিকালে চলে আসব ঢাকার মোহাম্মদপুরে মামার বাসায়। শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য কেনাকাটা করেছি।’ বলেন কোনাল। ঈদের দিনে সাধারণত সালোয়ার-কামিজই পরেন। মা অবশ্য এবার শাড়ি কিনে দিয়েছেন। কখনোই ভারী মেকআপ পছন্দ করেন না তিনি। তাই ঈদের দিন হালকা করে সাজবেন। রান্না করতে খুব পছন্দ করেন কোনাল তাই সময় পেলে রান্না করে খাওয়াবেন। আর দিনশেষে ভাই ও বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হবেন।
হৃদয় খান: ঈদ ঢাকাতেই... বাসাতেই বিশ্রাম
হৃদয় খান জানিয়েছেন, ঈদ ঢাকাতেই করব। মিরপুরের বাসার পাশেই ঈদের নামাজ পড়ার পরিকল্পনা রয়েছে। আর সবাইকে ঈদ উপহার দিতে ভালো লাগে। আমি বেশকিছু গরিব মানুষকে ঈদ উপহার দিয়েছি। আর ঈদের দিন বাসাতেই বিশ্রাম করতে চাই।
পড়শী : ঈদের দিনটা একটু আরাম ...
ঈদের দিনটা বাড়িতেই কাটান সংগীতশিল্পী পড়শি। এবারও বাড়িতেই থাকতে চান তিনি, তবে ঈদের দিন তাঁর গানের অনুষ্ঠান আছে কয়েকটা। সেগুলোর কথা ভেবেই পোশাক নির্বাচন করেছেন। তিনি বলেন, ঈদের পরদিন থেকেই শুরু হয়ে যায় নানা অনুষ্ঠান। তাই ঈদের দিনটা একটু আরাম করি। এদিন বেশি খাওয়া দাওয়া করা হয় না।