গানের যাযাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে দেশের গানের সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে নজরুলসংগীত, দেশাত্মবোধক, লোক ও আধুনিক গানে অসংখ্য পুরস্কার পেয়েছেন। বড় হয়ে এসব ঘরানা ছাপিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন সুফি ধারায়। নতুন প্রজন্মের এই কণ্ঠশিল্পী হলেন পুলক। গত রোববার সন্ধ্যায় মগবাজারের কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে কথা হয় সংগীতের নতুন এই তুর্কির সঙ্গে।বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা তরুণ প্রজন্মের এই সংগীতশিল্পীর গানের হাতেখড়ি বাবা গৌরাঙ্গ লাল অধিকারীর কাছে। বাগেরহাটের অংকুর সংগঠনে প্রাতিষ্ঠানিকভাবে গানের তালিম নেওয়া শুরু। একে একে বেশ কয়েকজন গুরুর সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় পুলকের। সুনীল চক্রবর্তী, প্রদীপ দাস, সন্ধ্যা পাল, শাহজাহান কবীর, সুবীর চক্রবর্তী—এঁদের কাছেই শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি আধুনিক, লোকগান, নজরুলসংগীত ও সুফি ধাঁচের গানের তালিম নেন পুলক।২০০৫ সালে খুলনা বিভাগের হয়ে নাম লেখান ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায়। প্রথম আসরে ১০৪ জনে স্থান পেয়ে আর এগোতে পারেননি। পরেরবার যথেষ্ট আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে বরিশাল বিভাগ থেকে নাম নিবন্ধন করেন। পুলক বলেন, ‘প্রথমবার যখন ছিটকে পড়ি তখন সাময়িক একটু মন খারাপ হয়েছিল। কিন্তু আমি অনেক কিছুই শিখতে পেরেছিলাম। আর তাই পরেরবার সেভাবে নিজেকে তৈরিও করে নিই। জায়গা পেয়ে যাই ক্লোজআপ ওয়ানের টপ টেনে। আর এটা আমার গানের জগতের টার্নিং পয়েন্টও।’দীর্ঘ ছয় বছরে আপনার যাযাবর পুলক নামের একটিমাত্র একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। কেন মাত্র একটি?—এমন প্রশ্নের জবাবে পুলক বলেন, ‘আমি কিন্তু ক্লোজআপ থেকে বের হওয়ার পর শওকত আলী ইমন ভাইয়ের সঙ্গে কাজ শুরু করি। শেখার আশায় এখনো তাঁর সহকারী হিসেবে কাজ করে যাচ্ছি। এই ছয় বছরে আমার প্রকাশিত অ্যালবাম একটি হলেও কিন্তু চলচ্চিত্র এবং মিশ্র অডিও অ্যালবামে আমার অসংখ্য গান রয়েছে। ইমন ভাই-ই আমাকে প্রথম চলচ্চিত্রে গান করার সুযোগ দেন। প্রথম প্লে-ব্যাক পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ ছবিতে। ছবিটির “মাওলা” শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর একে একে ২০টির মতো ছবিতে আমি গান করেছি।‘অ্যালবামের কথা প্রসঙ্গে আমি বলব, আমি চেয়েছিলাম এমন একটি অ্যালবাম করব, যেটার গানগুলো সবার ভালো লাগবে। শওকত আলী ইমন ভাইয়ের সুর ও সংগীত পরিচালনায় আমার প্রথম অ্যালবাম যাযাবর পুলক অনেকেরই ভালো লেগেছে। এই অ্যালবামের তিনটি গান “যাযাবর সময়”, “মাওলা” এবং “আলগা করো গো খোঁপার বাঁধন”-এর জন্য অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছি।’সংগীতের ক্যারিয়ারে পুলক দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কনসার্টে গান করেছেন। এর মধ্যে অসংখ্য মজার ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। তেমনি একটি মজার ঘটনা উল্লেখ করে পুলক বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অসংখ্য জেলা ও থানায় ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে। প্রথম আলো বন্ধুসভারই একটি অনুষ্ঠানে যোগ দিতে বাসে চড়ে রংপুর যাচ্ছিলাম। হঠাৎ পাশে বসা যাত্রীটি একটি গান শোনার অনুরোধ জানান। পরে হেডফোন কানে দিয়ে বুঝলাম সেটি আমারই সুফি ধাঁচের “মাওলা” গানটি। হেডফোনটি দিয়ে দেওয়ার পর তিনি আমাকে বললেন, “ভাই কণ্ঠটা অসাধারণ না। মনে হয় ইন্ডিয়ার কোনো শিল্পী।” ওই যাত্রীর সেদিনের কথায় আমি বেশ খুশি হয়েছিলাম। তবে মনে মনে কিছুটা আক্ষেপও হয়েছিল আমাকে চিনতে না পারার কারণে।’সম্প্রতি টানা তিন মাস যুক্তরাষ্ট্র সফর করে এলেন পুলক। এই সফরে পুলক অংশ নিয়েছেন ১২টি কনসার্টে। ঢাকায় ফিরে পুলক গোছাচ্ছেন নিজের রেকর্ডিং স্টুডিও এবং দ্বিতীয় এককের কাজ। এ বছরের শেষ দিকে নতুন এককটি প্রকাশের লক্ষ্যেই কাজ করছেন। পুলকের নতুন অ্যালবামের গানের কথা লিখছেন রবিউল ইসলাম ও মাহমুদ মানজুর। সংগীত পরিচালক হিসেবে থাকছেন শওকত আলী ইমন ও কিশোর।