
‘র’ আর ‘ড়’ গুলিয়ে না ফেললে নিশ্চয়ই বুঝতে পারছেন; আরিয়ানা গ্রান্ডে গানের সঙ্গেই আছেন, আড়ি নেননি। যুক্তরাষ্ট্রের এই গায়িকার নতুন ডাকনাম ‘আরি’ পরিচিতি পেয়েছে, কারণ এই নামেই সম্প্রতি একটি সুগন্ধি বাজারে এনেছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা অ্যালবাম মুনলাইট-এর প্রথম গান ‘ফোকাস’ও অবশ্য বেশ সুগন্ধ ছড়াচ্ছে। বিলবোর্ড টপচার্টে গানটি আছে সপ্তম স্থানে।
এক ঢিলে দুই পাখি মারার সুযোগ আরিয়ানা গ্রান্ডে হাতছাড়া করেননি। ‘আরি’ সুগন্ধির প্রচারণায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন তিনি, যাতে ব্যবহার করা হয়েছে ‘ফোকাস’ গানটি। গত শতকের পঞ্চাশের দশকের নিউইয়র্ক শহরের আবহে বানানো এই ভিডিও মুক্তি পেয়েছে ১৫ নভেম্বর। যেখানে মিষ্টি হেসে ‘ফোকাস’-গায়িকা বলেন, ‘আমার নাম আরিয়ানা গ্রান্ডে, তবে আরি নামেও ডাকতে পারো।’
তৃতীয় অ্যালবামের প্রথম গান দিয়েই আরি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। এই প্রথম কোনো শিল্পীর পরপর তিনটি অ্যালবামের প্রথম গান বিলবোর্ড টপ চার্টের সেরা দশে উঠে এল। ২০০৩ সালে প্রথম অ্যালবাম ইয়োরস ট্রুলির প্রথম গান ‘দ্য ওয়ে’ আরিকে বিলবোর্ড টপ চার্টে সেরা দশের পথ দেখিয়েছিল। পরের বছর মাই এভরিথিং অ্যালবামের ‘প্রবলেম’ গানটি উঠে এসেছিল টপ চার্টের তৃতীয় স্থানে। আর এ বছর তাঁকে ‘ফোকাসে’ এনে দিল ‘ফোকাস’ গানটি।
‘ফোকাস’ অবশ্য আরও একটি কারণে তাঁর কাছে বিশেষ হতে পারে। আগের দুটো গানে তাঁকে সঙ্গ দিয়েছিলেন ম্যাক মিলার ও ইগি আজালিয়া। কিন্তু ‘ফোকাস’-এর সুর ও সংগীত সবই আরিয়ানার নিজের করা।
হ্যাটট্রিকের খবরে কোথায় অনলাইন-দুনিয়া আরি-বন্দনায় মুখর হবে, তা নয়। দু-একটা সংবাদমাধ্যম ছাড়া আর কোথাও এই রেকর্ডের খবর ঠাঁই পায়নি। সে জন্য অবশ্য ২২ বছর বয়সী গায়িকা অ্যাডেলেকে দায়ী করতেই পারেন। অ্যাডেলে স্রেফ ‘হ্যালো’ বলেছেন, আর তাতেই যেন পুরো গানের দুনিয়ায় তোলপাড় পড়ে গেছে। ‘হ্যালো’র ছায়ায় আপাতত আর সব সাফল্য প্রায় ঢাকা পড়ে আছে।
আরি অবশ্য বলছেন, তিনি আসল চমক জমিয়ে রেখেছেন অ্যালবামের বাকি গানগুলোর জন্য। সবকিছু ঠিক থাকলে ২০১৬ সালে মুক্তি পাবে মুনলাইট। এখন সবগুলো গান ভালোভাবে শেষ করাই তাঁর মূল লক্ষ্য।
এক সাক্ষাৎকারে আরিয়ানা বলেছেন, ‘আগামী কয়েক মাসের কথা ভেবে আমি খুবই রোমাঞ্চিত। দিনের পুরোটা সময় গানের সঙ্গেই কাটাতে চাই। যত দূর এসেছি, তাতে আমি ভীষণ খুশি। মনে হচ্ছে অবশেষে আমি আমার শতভাগ ঢেলে দিতে প্রস্তুত হয়েছি।’
বিলবোর্ড অবলম্বনে