গানের সঙ্গেই আমার প্রথম প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিপ-হপ, লক অ্যান্ড পপ—এসব আধুনিক ধারার সঙ্গে এসে মিলেছে খুব সহজ কিছু বাঙালি কথা। এফডিসির রঙিন সেটে দাঁড়ানো রঙিন এক বাস, এর সামনে ফোক সম্রাজ্ঞী মমতাজ। চোখে কালো রোদচশমা পরে তরুণ নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছেন তিনি! চোখে বিস্ময় লাগে এ চিত্র। কাছে যেতেই মমতাজ বলে দিলেন, ‘এই সব প্রথমবার হচ্ছে’। এর আগে তাঁর কোনো গানে এমন র্যা প কিংবা হিপ হপ ধাঁচ এসে জুড়েনি। তাই নিজে কখনো চেষ্টাও করেননি কেমন করে আঙুল বাঁকিয়ে ‘ইয়ো-ইয়ো’ চিহ্ন দেখাতে হয়। তবে এবার লুৎফর হাসান ও গোলাম রাব্বানীর লেখা এবং প্রীতম হাসানের সুর করা ‘লোকাল বাস’ গানটির ভিডিওচিত্র ধারণের ঘটনা ব্যাতিক্রম। এই সেটে মমতাজকে প্রথমবারের মতো দেখা গেল ছেলেমানুষি এই খুঁটিনাটিগুলো নিয়ে মাথা ঘামাতে। তাই শুটিংয়ের ফাঁকে জেনে নেওয়া হলো তাঁর জীবনের আরও কিছু ‘প্রথম প্রথম’ অভিজ্ঞতার কথা—
এ মাসের শেষ দিকে মুক্তি পাবে মমতাজ ‘লোকাল বাস’ গানের ভিডিও। এরই মধ্যে জিপি মিউজিকে গানটির অডিও পাওয়া যাচ্ছে। ছবি: খালেদ সরকার
এ মাসের শেষ দিকে মুক্তি পাবে মমতাজ ‘লোকাল বাস’ গানের ভিডিও। এরই মধ্যে জিপি মিউজিকে গানটির অডিও পাওয়া যাচ্ছে। ছবি: খালেদ সরকার

প্রথম পারিশ্রমিক
যদি বলি অনুপ্রেরণা কিংবা আশীর্বাদের প্রতীক হিসেবে প্রথম সম্মানী পাওয়ার কথা, তাহলে সেই ছোটবেলায় ফিরে যেতে হবে। তখন আমার বয়স ছয় কিংবা সাত হবে। আব্বার সঙ্গে প্রথম মঞ্চে গান করেছিলাম। আব্বা ছিলেন অনুষ্ঠানের মূল শিল্পী। আমি গিয়েছিলাম আব্বার সঙ্গে অনুষ্ঠান দেখতে। কিন্তু সবার অনুরোধে মঞ্চে গান গাইতে উঠলে সবাই আদর করে আশীর্বাদস্বরূপ অনেক টাকা দিয়েছিলেন, সেটা ছিল আমার প্রথম পাওয়া। আর এরপর আমি যখন ক্লাস থ্রিতে জয়মণ্ডপ প্রাইমারি স্কুলে পড়ি, তখন থানা পর্যায়ে আয়োজিত একটা প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমাকে আমার স্কুল থেকে বাছাই করা হয়। সেখানে আমি যখন অনুষ্ঠানের অতিথিদের সামনে গান করলাম, তখন তাঁরা খুশি হয়ে আমাকে ১ হাজার ৭৬০ টাকা উপহার দিয়েছিলেন। সেই অর্জনের কথা আমার আজও মনে আছে।

প্রথম অ্যালবাম
১৯৯২ সালের দিকে একটি প্রতিষ্ঠানে গিয়ে বলেছিলাম, আমার একটি অ্যালবাম করে দিতে। তারা প্রথমে জানায়, অ্যালবাম করে দেবে ঠিকই, তবে এর জন্য তারা কোনো টাকা-পয়সা দেবে না। আমরা তাতেই রাজি হই এবং এক দিনের মধ্যেই অ্যালবামের গানগুলো তুলে ফেলি। ওই গানগুলো শুনে প্রতিষ্ঠানটির কর্ণধার তখন আমার কাছে আরও কিছু গান চায়। আমি তো তখন অনেক অনুষ্ঠানে গান করি, তাই গানও তোলা ছিল অনেক। তিনি বলার সঙ্গে সঙ্গে একই দিনে আরও একটি অ্যালবামের জন্য কয়েকটি গান তোলা হয়ে গেল। দ্বিতীয় যে অ্যালবামটি হলো, ওর জন্য প্রতিষ্ঠানটি আমাকে ওই দিনই পারিশ্রমিক হিসেবে দুই হাজার টাকা দিয়েছিল। পারিশ্রমিকের বিনিময়ে করা প্রথম সেই অ্যালবামের নামটি ছিল খেলছে পাখি উল্টা কলে।

প্রথম বিদেশ ভ্রমণ

২০০১-এ লন্ডনে একটা গানের অনুষ্ঠানে যোগ দিতে প্রথম দেশের বাইরে যাই। কাছাকাছি সময়েই আবার একটি সরকারি সফরে অস্ট্রেলিয়া যাওয়ারও সুযোগ হয়। কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার অভিজ্ঞতাটি ছিল সবচেয়ে স্মরণীয়। কারণ, অনুষ্ঠানে অংশ নেওয়া মিউজিশিয়ানরা সবাই আগে চলে গিয়েছিলেন। আমাকে একদম একা যেতে হয়েছিল লন্ডনে। এর আগে কখনো প্লেনেই উঠিনি আমি, তার ওপর আবার ট্রানজিট ছিল সিঙ্গাপুরে। কীভাবে কী করতে হয়, কিছু জানতাম না সে সময়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো অসুবিধা ছাড়া কিছু না জেনেই সে সময় চলে গিয়েছিলাম। আবার একা একা ফিরেও এসেছিলাম।

প্রথম ক্যামেরার সামনে
‘ইত্যাদি’র সেই ‘রিটার্ন টিকিট’ গানটি দিয়েই আমি প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। এর আগে মঞ্চে বিভিন্ন গানের অনুষ্ঠানের জন্য টুকটাক ক্যামেরার মুখোমুখি তো হতে হয়েছে। কিন্তু টিভি ক্যামেরার সামনে, তা-ও আবার ‘ইত্যাদি’-র মতো অনুষ্ঠান, আমার জন্য এটা ছিল বিরাট ব্যাপার। তাই অনেক দিন ধরে এ জন্য প্রস্তুতি নিয়েছিলাম। অনেক খুঁজে সুন্দর একটা রংচঙে শাড়িও পরেছিলাম শুটিংয়ে পরে যাওয়ার জন্য। কিন্তু শুটিংয়ের দিন দেখা গেল হানিফ সংকেত বললেন, না, এত সুন্দর শাড়ি পরলে তো চলবে না। ‘রিটার্ন টিকিট’ গানের জন্য আমরা সাদামাটা একটা গ্রাম্য আবহ চাই। তাই শাড়িটাও হতে হবে সে রকম। তখন ওই শুটিংয়ের ঠিক আগে আগে কোথা থেকে যেন একটা চেক শাড়ি কিনে আনা হলো। বলা হলো, এটাই পরতে হবে। তখন কী আর করা, সেই চেক শাড়ি পরে, রেললাইনের ধারে ‘রিটার্ন টিকিট’ গানের শুটিং করা হলো।

প্রথম প্রেম
গানের সঙ্গেই আমার প্রথম প্রেম। আমার যাঁরা কাছের মানুষ, তাঁরা তো সব সময়ই আমাকে বলেন, তুমি আসলে সবচেয়ে বেশি গানকেই ভালোবাসো। তুমি যতটা ভালোবেসে গান করো, ততটা ভালোবাসা যদি আমাদের দাও, তাহলে আমরা বোধ হয় পাগল হয়ে যেতাম। আমিও তেমনটাই মনে করি। শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের প্রতিটি ধাপেই গানই ছিল আমার প্রথম ভালোবাসা।
অনুলিখন: আদর রহমান