গানের সঙ্গেই পথচলা
‘গানের আসর মানেই আমি হাজির। কেবল আশপাশের এলাকাতেই নয়, বরং রাতের বেলা শুধু গান শুনতেই চলে গেছি দূরের কোনো এলাকায়। আর কেনই বা যাব না, গান তো আমার মনের ক্ষুধা মেটায়’—বলছিলেন সৈয়দ শহীদ। পরিচয়টা আরও পরিষ্কার করতে হলে বলতে হয় তিনি ‘দুরবিন’ ব্যান্ডের শহীদ। তবে ব্যান্ডের বাইরে তাঁর সলো বা একক কেরিয়ার কিন্তু বেশ চাঙ্গা। এ বছরই বেরিয়েছে তাঁর একক অ্যালবাম নীলাম্বরী। গানের মতো কথা বলার ঢং বেশ সাবলীল শহীদের। ‘তখন সবে স্কুলে যাই। স্কুলের কোনো অনুষ্ঠান হলেই প্রস্তুতি নিতাম। আধুনিক, রবীন্দ্রসংগীত কিংবা নজরুলের গান একবার শুনেই মুখস্থ করে স্কুলের অনুষ্ঠানে গাইতাম। করতালি আর বাহবা পেয়েছি অনেক। তবে তত দিনে গানের তালিম নেওয়া হয়নি।’ বেশ সহজ-সরল স্বীকারোক্তি এ গায়কের। তবে সেখানেই নিশ্চয় তিনি থেমে যাননি? ‘নিজের এলাকা চট্টগ্রামের এক দিদির কাছে গানের তালিম নিতে শুরু করি। বলা যায়, এটাই কারও কাছ থেকে আমার প্রথম গানের হাতেখড়ি। এর পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়েই ২০ বছর ধরে গানের সঙ্গে আছি।’ লক্ষ্য, একাগ্রতা আর এর সঙ্গে যদি ভালোবাসার রসায়নটা ঠিকঠাক হয় তবেই বুঝি মানুষ শীর্ষে আরোহণ করতে পারে। আর তার প্রমাণ রেখেছেন শহীদ। ‘আমি ভাই একবাক্যে বলব, গানের ব্যাপারে ভালোবাসা আর লেগে থাকায় এক আনাও খাদ নেই। আর সব পরিশ্রমের ফসল হলো দুরবিন ব্যান্ড। ব্যান্ডদল দুরবিনের যাত্রা শুরু ২০০৫ সালে। প্রথম অ্যালবাম দলের নামেই অর্থাৎ দুরবিন। এর পরে ধাপে ধাপে দুরবিন ২.০১ এবং সর্বশেষ ৩.০৩ নামে প্রকাশ পায়।’ শহীদের গাওয়া ব্যান্ডের ‘স্বপ্নডানায়’ গানটি ইতিমধ্যেই এফএমের কল্যাণে বেশ জনপ্রিয়।ব্যান্ডের পাশাপাশি নিজের একক ক্যারিয়ার নিয়েও বেশ সচেতন শহীদ। বলেন, ‘যখন দলের জন্য গান করি তখন আমাদের গানের ধাঁচটা হয় ব্যান্ডের মতো, তবে তা কেবল বাদ্যযন্ত্রনির্ভর নয়। কিছুটা মেলোডি ধাঁচের (সুরেলা) গানই দুরবিনের জন্য করি। দলের বাইরে প্রতিটা শিল্পীর যে আলাদা একটা কেরিয়ার তৈরি করা সম্ভব, তার প্রমাণ সলো অ্যালবামগুলো। একজন শিল্পীকে এই গান দিয়ে বিচার করা সম্ভব। আর সেই চেষ্টারই ফসল আমার দুটো একক না বলা ভালোবাসা আর নীলাম্বরী।’না বলা ভালোবাসা তো বোঝাই যাচ্ছে ভালোবাসা নিয়েই গান আর নীলাম্বরী? ‘নীলাম্বরী অ্যালবাম এবার মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১-এর জন্য প্রথম পর্যায়ের মনোনয়ন পেয়েছে। অ্যালবামের গানগুলো গাওয়ার সময় নীল আকাশ কল্পনা করেছি। নীলাম্বরীর অধিকাংশ গানই সুরেলা আর প্রেমের গান। অ্যালবামে দ্বৈত গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় শিল্পী শুভমিতা। তবে তিনি গানের ব্যাপারে সব সময়ই দলের সবার সহযোগিতার কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।’‘সর্বোপরি ভালো গান গাওয়ার ইচ্ছে থাকে সব সময় আমার। আর ভালো গান গেয়ে শ্রোতার মনে চিরস্থায়ী স্থান করে নিতে চাই। গান আর শ্রোতার ভালোবাসা নিয়েই পথ চলতে চাই সব সময়’, বলেন সৈয়দ শহীদ।