গানের সন্ধ্যাজুড়ে প্রেম-বসন্ত-লোকগীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে লোকসংগীত অনুষ্ঠানে শুরুতে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
ছায়ানটে লোকসংগীত অনুষ্ঠানে শুরুতে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

নির্মল আনন্দ আর একটুখানি প্রশান্তি এই শহরের কোথায় মেলে! শহরের মোড়ে মোড়ে প্রশান্তিশালা নেই। কোথায় গীত হবে প্রাণের গান, সেটা জানা থাকতে হবে। তাহলেই নিঃশঙ্কচিত্তে হৃদয় খুলে একটু বসে বসে, দুলে দুলে গান শোনা যাবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এমন দুটো আয়োজন ছিল ছায়ানট সংগীত বিদ্যায়তনে। ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকেই শোনা গেছে ‘ওগো রাখাল তুমি যাও বাজাইয়া’ গানটা। ওই পথের ওপর দিয়ে যাওয়া পথিকেরা হয়তো একটু থমকে দাঁড়িয়ে আবারও পা বাড়িয়েছেন। ছায়ানটের মূল মিলনায়তনে বসা তো দূরের কথা, আগে না পৌঁছালে দাঁড়িয়েও গান শোনা যেত না। নির্বাচিত পাঁচ লোকগীতিকবির গান নিয়ে সংগীতানুষ্ঠান ছিল সেখানে। মাটির ঘ্রাণমাখা সেসব গান শুনতে গিয়েছিলেন সংগীতপাগল অনেক মানুষ। অথচ অনুষ্ঠানের স্বাগত কথনে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেছেন, একসময় এই গান লোকে শিখতেই চাইত না। তিনি বলেন, ‘একসময় লোকগীতি শেখা বাধ্যতামূলক করেছিলাম। এখন অনেকেই আনন্দ নিয়ে এই গান গাইছে। লোকগানকে এই পর্যায়ে আনতে পেরে ছায়ানট ধন্য।’

বক্তৃতা দিচ্ছেন সন্‌জীদা খাতুন
বক্তৃতা দিচ্ছেন সন্‌জীদা খাতুন

ফকীর কালু শাহর ‘নিরিখ বান্ধরে দুই নয়নে’ গানটি সম্মিলিত কণ্ঠে গেয়ে অনুষ্ঠান শুরু করেন ছায়ানটের শিল্পীরা। পরে কানাইলাল শীলের ‘বসে আছি নদীর কূলে রে’, ‘অসময় বাঁশি বাজায় কে রে’; এম এম বখ্ত শাহ্ চিশ্তীর ‘আমার মন মজাইয়া রে’, ‘তুই গো আমার মন’; হরলাল রায়ের ‘ওরে রাগ করেন না সোনার কন্যা’, ‘বাড়ির বগল দিয়া কারবা গাড়ি যায়’; আবদুল লতিফের ‘সর্বনাশা পদ্মা নদী’, ‘আর কত কাল ভাসবো আমি’সহ আরও বেশ কিছু গান শোনান অতিথিশিল্পী ও ছায়ানটের শিল্পীরা।