গানের সুরে ছায়ানটের বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরম। বাসায় ফেরার তাগিদে থাকা মানুষের চাপে রাজপথে যানজট। গমগম করছে চারদিক। কিন্তু ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে পিনপতন নীরবতা। মিলনায়তন-ভর্তি মানুষের অপেক্ষা গানের জন্য। নীরবতা ভাঙল গানের সুরে। শোনা গেল ‘দোলা লাগিল দখিনার বনে বনে...’।বসন্ত যাই যাই করছে। যাওয়ার বেলাতেও তার প্রতি আগ্রহের কমতি নেই মানুষের। গতকাল শনিবার বিকেলে ছায়ানটের বসন্ত উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল শ্রোতাদের। প্রাণবন্ত এ আয়োজনে ছিল বসন্তের নানা আঙ্গিকের গান আর আবৃত্তি। অনুষ্ঠানের শুরুতে লিপিকা থেকে পাঠ করেন ফাহিমা সামাদ। পরে রাগ ‘ছায়ানট’ পরিবেশন করেন লতিফুন জুলিও। রবীন্দ্র-নজরুলের গান আর ধ্রুপদি সংগীতের পরিবেশনা ছিল পালাক্রমে। অনুষ্ঠানের তৃতীয় পরিবেশনা ছিল খায়রুল আনামের নজরুল সংগীত ‘দোলা লাগিল দখিনার বনে বনে’। পরে রেজোয়ান আলী রাগ ‘হাম্বীর’ এবং প্রিয়াঙ্কা গোপ রাগ ‘পরজ’ পরিবেশন করেন। রবীন্দ্রনাথের ‘বসন্তে ফুল গাঁথল’ শোনান তানিয়া মান্নান। ‘আজি এই গন্ধবিধুর সমীরণে’ শোনান সত্যম্ কুমার দেবনাথ। জয়ন্ত রায় আবৃত্তি করেন ‘এস এস বসন্ত ধরাতলে’। বিজনচন্দ্র মিস্ত্রী রাগ ‘বাহার’, অসিত দে রাগ ‘বসন্ত’, রেজোয়ান আলী রাগ ‘ললিত-পঞ্চম’ পরিবেশন করেন। এ ছাড়া আজিজুর রহমান ‘আজি কমলমুকুলদল খুলিল’, নাসিমা শাহীন ‘এলো ঐ বনান্তে পাগল বসন্ত’ এবং সুমন মজুমদার শোনান ‘বসন্ত এলো এলো এলো রে’। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বসন্ত উৎসব।