গানের সুরে জাতীয় কবিকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান শুরু হতে তখনো ১০ মিনিট বাকি। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনের মঞ্চে নজরুলসংগীত শিল্পী পরিষদের শিল্পীরা সার বেঁধে দাঁড়িয়ে আছেন। সাড়ে ছয়টা বাজতেই হারমোনিয়াম বেজে উঠল, ‘মৃত্যু নাই দুঃখ নাই’ গানের সুরে। শিল্পীরাও গলা মেলান। যথাসময়ে অনুষ্ঠান শুরুর রেওয়াজ রাজধানীতে প্রায় নেই বললেই চলে। সেদিক থেকে শুরুতেই ব্যতিক্রম ছিল আয়োজন। তদুপরি নেই কোনো বক্তৃতা, নেই উপস্থাপনার বাগাড়ম্বর। শুধুই গান। পরিবেশনাতেও যথেষ্ট মনোযোগ ও যত্ন দেখা গেল নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এ সংগীতানুষ্ঠানের আয়োজন করে নজরুলসংগীত শিল্পী পরিষদ। অনুষ্ঠান শুরু হয় পরিষদের শিল্পীদের দুটি সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। দ্বিতীয় সমবেত গানটি ছিল ‘দাও শৌর্য দাও ধৈর্য’। পরিষদের প্রায় ৫০ জন শিল্পীর সমবেত এই পরিবেশনা দুটি ছিল চমৎকার।দুটি সমবেত পরিবেশনার পর শুরু হয় একক পরিবেশনা। শুরুতে জ্যেষ্ঠ শিল্পী এম এ মান্নান শোনান ‘দূর আরবের স্বপন দেখি’ গানটি। দ্বিতীয় পরিবেশনা ছিল ডালিয়া নওশীনের। তিনি শোনান ‘কেন কাঁদে পরাণ’। এরপর চলতে থাকে একক পরিবেশনা। অনুষ্ঠানে পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল: ‘যে ব্যথায় এ অন্তর’, ‘তোমারই আঁখির মতন’, ‘কেন আনো ফুল ডোর’, ‘শাওন আসিল ফিরে’, ‘কে বলে গো তুমি’, ‘সোনার হিন্দোলে’, ‘ফিরিয়া যদি সে আসে’, ‘পাষাণের ভাঙালে ঘুম’, ‘দিতে এলে ফুল হে প্রিয়’, ‘তোমারে আমি চাহিয়াছি’, ‘নয়নে নিদ নাহি’, ‘আমি যেদিন রইবো নাগো’, ‘তুমি শুনিতে চেয়ো না’, ‘জাগো হে রুদ্র’, ‘মসজিদেরই পাশে আমায়’ এসব। গান পরিবেশন করেন শাহিন সামাদ, নাশিদ কামাল, ইয়াসমিন মুসতারী, সুমন চৌধুরী, ইফফাত আরা নার্গিস, জান্নাত এ ফেরদৌসী, রওশন আরা, ছন্দা চক্রবর্তী, শাহীনুর রেজা, শহীদ কবির, রাহাত আরা গীতি, রুমী আজনবী, বদরুন্নেসা ডালিয়া প্রমুখ। আমিনুল ইসলামের যুদ্ধ দিয়ে যাত্রার প্রকাশনা উৎসবকবি আমিনুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ যুদ্ধ দিয়ে যাত্রা র প্রকাশনা উৎসব গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পদ্মামঞ্চে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সাংস্কৃতিক সংঘ, কবিকুঞ্জ রাজশাহী ও প্রকাশনা সংস্থা পালক পাবলিশার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। গ্রন্থটির আলোচনায় হাসান আজিজুল হক বলেন, আমিনুল ইসলাম তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আধুনিক কবিতায় এক নতুন আঙ্গিক নিয়ে এসেছেন। আলোচনায় আরও অংশ নেন রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান, স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী ও ঢাকার বিশিষ্ট সাহিত্যমোদীরা। আলোচনাকালে তাঁরা বলেন, কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় কবির নিজস্বতা, স্বকীয় প্রকাশভঙ্গি ও প্রতিভার স্বাতন্ত্র্য লক্ষণীয়। গণমাধ্যম বিশেষজ্ঞ আমিনুল ইসলামের অধিকাংশ কবিতাই তাঁর তরুণ বয়সের লেখা। কবি তাঁর কালের রাজনীতি ও সমাজ জীবনের সংকট-সংঘাত কবিতার মধ্য দিয়ে আজকের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছেন।অনুষ্ঠানে কাব্যগ্রন্থটি থেকে আবৃত্তি করে শোনান শিমুল মুস্তাফা, ডা. জয়দীপ ভাদুড়ী ও মনিরা রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি বিমল গুহ, সাহিত্যিক ও প্রকাশক ফোরকান আহমেদ, বিটিভির উপমহাপরিচালক ফরিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংস্কৃতিক সংঘের সহসভাপতি আমিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন রনি। ছেঁউড়িয়ায় আজ পাঁচ দিনের লালন সঞ্চরণ উৎসব শুরুকুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে লালন সঞ্চরণ উৎসব। বাউল সাধক লালন সাঁইয়ের ১২২তম তিরোধান উপলক্ষে লালন একাডেমি পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৮৯০ সালে ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে মৃত্যুবরণ করেন। এর পর থেকে সাঁইজিকে সঞ্চরণ করতে এ উৎসব পালিত হয়ে আসছে। সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।গতকাল সোমবার থেকেই লালনের ভক্ত-অনুসারীরা উৎসবে আসতে শুরু করেছেন। ভক্তরা তাঁদের গুরু লালনের মাজারে বিশেষ ভঙ্গিতে শ্রদ্ধা প্রদর্শন করছেন। লালন উৎসব উপলক্ষে কালী নদীর পাড় ঘেঁষে দেশি হস্তশিল্পের মেলা বসেছে। জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।