গানের সুরে স্মৃতিময় সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন থেকে বৃষ্টিবাদল প্রায় নেই বললেই চলে। গতকাল ছিল তো রীতিমতো রোদঝলসানো দিন। সন্ধ্যায় নিরুদ্বিগ্ন মনেই গান শুনতে প্রচুর শ্রোতার সমাগম ঘটেছিল শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে। বিখ্যাত সুরস্রষ্টা কমল দাশগুপ্তের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।উপমহাদেশের প্রথিতযশা সুরকার কমল দাশগুপ্তর ৯৯তম জন্মবার্ষিকী ছিল গতকাল। ১৯১২ সালের ২৮ জুলাই যশোরের কালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের চিফ মিউজিশিয়ান হিসেবে চাকরিরত অবস্থায় ১৯৭৪ সালের ২০ সেপ্টেম্বর মারা যান তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গানসহ অনেক কালজয়ী আধুনিক গানের সুরকার তিনি। সংগীত সংগঠন ক্রান্তি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহায়তায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। কমল দাশগুপ্ত এবং তাঁর সুরারোপিত গান নিয়ে কথা বলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সংগীত বিভাগের পরিচালক মাহমুদ সেলিম এবং ক্রান্তির সভাপতি মাহবুবুল হায়দার মোহন। সংক্ষিপ্ত আলোচনার পর সমবেতভাবে ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম’ গানটি দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর শিল্পীরা শ্রোতাদের শোনাতে থাকেন কমল দাশগুপ্তের সুর করা গানগুলো।গানগুলোর মধ্যে ছিল: ‘পৃথিবী আমারে চায়’, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, ‘তুমি ফিরাবে কি শূন্য হাতে’, ‘প্রিয় এমন রাত যেন’, ‘দুটি পাখি দুটি তীরে’, ‘এই কি গো শেষ দান’, ‘আমি দুরন্ত বৈশাখী ঝড়’, ‘কতদিন দেখিনি তোমায়’, ‘মেনেছি গো হার মেনেছি’, ‘ছন্দে ছন্দে দুলি আনন্দে’, ‘তুমি কি এখন দেখেছ স্বপন’সহ কালজয়ী কিছু গান।এই গানগুলোর সঙ্গে জড়িয়ে আছে ফেলে আসা দিনের অনেক স্মৃতি। গানগুলো শ্রোতাদের মনে সেই সব স্মৃতি জাগিয়ে তোলে। অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা হলেও কমল দাশগুপ্তকে নিয়ে রাজধানীতে তেমন উল্লেখযোগ্য অনুষ্ঠান হয় না বলে তাঁর গান উপভোগ করার সুযোগ শ্রোতাদের সচরাচর হয় না। সে কারণে গতকাল তাঁর গান নিয়ে সাজানো অনুষ্ঠানটি দর্শক দারুণভাবে উপভোগ করেছেন।