গানের হাওয়া বদল
>

গত দুই ঈদে গানের চ্যানেল গান বাংলায় দর্শকেরা গানের এক ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেছেন। দেশি-বিদেশি বাদ্যযন্ত্রশিল্পীদের মেলবন্ধনে ‘উইন্ড অব চেঞ্জ’ নামের এই আয়োজনে গান গেয়েছেন বাংলাদেশের গায়ক-গায়িকারাই। এই আয়োজন অনেকেরই নজর কেড়েছে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম অনুষ্ঠান-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে।
সভ্যতার আগে থেকেই সংগীত মানুষের সঙ্গী। চল্লিশ থেকে ষাট হাজার বছর আগের পাখির হাড়ের সেই বাঁশিটি যেন তারই নিদর্শন। এরপর বদলেছে অনেক কিছুই। নতুন থেকে নতুন, আরও আধুনিক হয়েছে গীত, বাদ্য ও নৃত্যের ধরন। সঙ্গে মিলেছে আকাশ সংস্কৃতি। আজকের দিনে পাশ্চাত্যের গানে যেমন অনায়াসে তবলা-সেতার ব্যবহৃত হচ্ছে, তেমনি পূর্ব দেশীয় সংগীতেও শোনা যাচ্ছে চেলো কিংবা তুম্বা। গান বাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ’-এর মতো আয়োজন তেমনটাই মনে করিয়ে দেয়।

২০১৩ সালে চালু হওয়া গানের চ্যানেল গান বাংলা গত দুই ঈদে দেশে-বিদেশের যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ভিন্নধর্মী একটি পরিবেশনা উপহার দিয়েছে। উইন্ড অব চেঞ্জ (প্রি সিজন) নামের এই অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন বাংলাদেশের গুণী সব সংগীতশিল্পীর পাশাপাশি নতুন প্রজন্মের অনেকে। আরও আছেন বিদেশি বাদ্যযন্ত্রশিল্পীরা। প্রাচ্য ও প্রতীচ্যের এ মেলবন্ধন যেন সংগীতের হাওয়া বদলের জানান দিচ্ছে।
তাঁদের মধ্যে আছেন সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, এন্ড্রু কিশোর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, জেমস, আইয়ুব বাচ্চু, কুদ্দুস বয়াতি, চন্দনা মজুমদার, বালাম, তপু, এলিটা, মিলা, কনা, পান্থ কানাই, তাশফি, চিশতি বয়াতি, ব্যান্ড মাইলস, চিরকুট প্রমুখ।
এবারের ঈদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোর গেয়েছেন সৈয়দ শামসুল হকের লেখা সেই বিখ্যাত গানটি, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’। আয়োজন নিয়ে তাঁর মুগ্ধতার কথা শিল্পী জানালেন এভাবে, ‘আমার রেকর্ডিংয়ে যাওয়ার কথা ছিল বেলা ১১টায়। কিন্তু গাড়ি আসতে আসতে বিকেল তিনটা। আমি পৌঁছাতে পৌঁছাতে তখন সন্ধ্যা। একধরনের মেজাজ খারাপ নিয়ে এফডিসির শুটিংয়ে ঢুকি। ভেতরে ঢুকতেই মনটা ভরে গেল। যে ক্লান্তি ছিল ভুলে গেলাম।’
এ ছাড়া অনুষ্ঠানে ছিল খুরশীদ আলমের ‘চুমকি চলেছে একা পথে’, ফেরদৌস ওয়াহিদের ‘এই যে দুনিয়া’, আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, জেমসের ‘আমি তারায় তারায় রটিয়ে দেব’, সামিনা চৌধুরীর ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, বালামের ‘লুকোচুরি’, মাইলসের ‘ধিকি ধিকি’, চিরকুট ব্যান্ডের ‘জাদুর শহর’। নতুন শিল্পীরা গেয়েছেন লালনের গান ‘সময় গেলে সাধন হবে না’।
উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানের দুই মৌসুমে বাদ্যযন্ত্র বাজাতে বাংলাদেশে এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। তাঁদের মধ্য থেকে কয়েকজনের সঙ্গে ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে কথা হয়। লাটভিয়ার ড্রামার নেলি বুবইয়াঙ্কা বলেন, ‘বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক বেশি অনুপ্রাণিত। বিশেষ করে এখানকার গায়ক-গায়িকা এবং তাঁদের কণ্ঠ এত নিখাদ! বাংলাদেশের সুর ও ছন্দ আমাকে আন্দোলিত করেছে।!’
কার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবচেয়ে ভালো ছিল? নেলি বললেন, ‘সবচেয়ে মজা পেয়েছি সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে বাজিয়ে। তাঁর গানটাও আমার অসম্ভব পছন্দের। মহড়া ও রেকর্ডিংয়ের জন্য আমাদের অনেক সময় লেগে যায়। কাজ করতে করতে একটা পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলে শিল্পীর ধৈর্য ও উদ্যম দেখে আমি বিস্মিত হয়ে যাই।’ এবারের ঈদে সৈয়দ হাদী গেয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি।
পোল্যান্ডের বেহালাবাদক আলিসিয়া বলেন, ‘আমার কাছে তো বাংলাদেশ অর্থ সুন্দর ও রঙিন একটি দেশ। আমি এ দেশের ভালোবাসার মায়াজালে আটকে গেছি। এখানকার মানুষের মন খুবই পরিষ্কার। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা লোকগানের সঙ্গে পরিচয় হওয়াটা ছিল চমৎকার অভিজ্ঞতা।’
উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানের দুই মৌসুমে প্রধান শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেছেন চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল আরীন। তিনি বলেন, ‘এই দলে কোক স্টুডিওতে কাজ করা কয়েকজন শব্দ প্রকৌশলী ছিলেন। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। খুব কাছাকাছি সময়ে দেশের ও বাইরের এত এত গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার সামনে একটা নতুন পথ খুলে গেছে।’ উল্লেখ্য, বিভিন্ন দেশের প্রথিতযশা সংগীত ও যন্ত্র শিল্পীদের নিয়ে ভিন্নধর্মী সংগীত আয়োজনের গান পরিবেশন করা হয় কোক স্টুডিওতে। পাভেল জানান, রুশ বেজ গিটারবাদক আন্তন দোভিদিয়ান্তের সঙ্গে সবচেয়ে মজার সময় কেটেছে তাঁর। শুটিং শেষে রাতে প্রায়ই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে যেতেন দুজনে।
বাংলাদেশের তরুণ বাঁশিশিল্পী জালাল বলেন, ‘এ অনুষ্ঠান ছিল আমার জীবনের অন্য রকম একটি অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছি।’
উইন্ড অব চেঞ্জ নিয়ে যে মানুষটি স্বপ্ন দেখছেন, তিনি গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন। রোববার রাতে প্রথম আলোকে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাঁশি, খোল, একতারা, দোতারা—এসব বিশ্বসংগীতকে উপহার দিচ্ছি। বিশ্বসংগীত যেন আরেকটু সমৃদ্ধ হয়, সেটাই আমি চেয়েছি।’ কৌশিক এ অনুষ্ঠানের প্রায় সব গানে কণ্ঠ মিলিয়েছেন। এককভাবে নিজেও গেয়েছেন কয়েকটি গান।
উইন্ড অব চেঞ্জ (প্রি সিজন) দুটি আয়োজনেরই মঞ্চ, আলোকসজ্জা ও সার্বিক পরিকল্পনায় ছিলেন কৌশিকের স্ত্রী ফারজানা মুন্নী। তিনি বলেন, ‘স্বামীর মিউজিকের প্রতি ভালোবাসা দেখেই অনুপ্রাণিত হয়েছি। ভারত ও পাকিস্তানের কোক স্টুডিও দেখে বাংলাদেশের শিল্পীদের নিয়ে এমন একটি আয়োজনের কথা ভেবেছি। আমাদের আয়োজন মানুষ পছন্দও করেছে।’
এ অনুষ্ঠানের প্রতিটি গানের দৃশ্যধারণের আগে শিল্পীদের ঘণ্টার পর ঘণ্টা মহড়া করতে হয়েছে। এ মহড়ায় তাঁরা ক্লান্ত হতেন না। প্রতিটি গানের দৃশ্যধারণ হয়েছে একবারে। গানের মধ্যে কোনো ভুল হলে আবার নতুন করে সব শুরু করতে হতো। ঈদুল ফিতরের অনুষ্ঠানে কুদ্দুস বয়াতি গেয়েছিলেন ‘ও আমার পাগলা ঘোড়া রে, কই থাইক্যা কই লইয়া যাস’। শিল্পী কুদ্দুস বয়াতি বলেন, ‘মূল গান শুরুর আগে আমাকে তিন ঘণ্টা মহড়া করতে হয়েছিল। আর গান শুরুর পর তো ইশারায় কাজটা করে চলে আসি। আমার কাছে পুরো ভাবনাটাই অন্য রকম লেগেছে।’