গানে-কবিতায় বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সকালে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আবৃত্তি করেন এক শিল্পী l সংগৃহীত
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সকালে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আবৃত্তি করেন এক শিল্পী l সংগৃহীত

নানা আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন জাতীয় শোক দিবস পালন করেছে। নিবেদিত কবিতা, গান, কথামালা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশের কবি-কথাসাহিত্যিক ও শিল্পীদের কাছে বড় অনুপ্রেরণার নাম বঙ্গবন্ধু। তিনি তাই বারবার শিল্প-সাহিত্যের বিষয় হয়ে এসেছেন। এর আগে সকাল ৯টায় শোক শোভাযাত্রার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর অতিথিরা শোক দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাপাঠ ও গান। আবৃত্তি করেন ফারুক তাহের ও শ্রাবণী দাশগুপ্তা। সংগীত পরিবেশন করেন মোস্তফা কামাল ও আবদুর রহিম। সন্ধ্যায় আমার দেখা বঙ্গবন্ধু শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 আপসহীন সংগ্রামের কিংবদন্তি

 নগরের নন্দন কাননের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে কথামালা, আবৃত্তি ও কবিতাপাঠের আয়োজন করা হয়। গত সোমবার সন্ধ্যায় ‘আপসহীন সংগ্রামের কিংবদন্তি’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রাম।

 সন্ধ্যা ৭টায় ‘আসুন পিতা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। পরিবেশনার নির্দেশনা দেন দেবাশিস রুদ্র। এরপর ছিল ত্রিতরঙ্গের শিল্পীদের একক ও বৃন্দ পরিবেশনা। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন কবি শাহিদ আনোয়ার, আকতার হোসাইন ও ফরিদা ইয়াসমিন।

 খড়িমাটির আয়োজন

গতকাল সন্ধ্যা ৭টায় ছোট পত্রিকা খড়িমাটির আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত স্বরচিত কবিতাপাঠের আসর। নগরের চেরাগি পাহাড়ে খড়িমাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি খুরশীদ আনোয়ার, খালিদ আহসান, ওমর কায়সার, শান্তনু বিশ্বাস, হোসাইন কবির, অভিক ওসমান, নাজিমুদ্দিন শ্যামল, জিললুর রহমান, পুলক পাল, খালেদ হামিদী, ভাগ্যধন বড়ুয়া, সাজিদুল হক, মানজুর মুহাম্মদ ও শেখর দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন খড়িমাটির সম্পাদক মনিরুল মনির।

 টিআইসিতে বর্ষা মঙ্গল

সংগঠনের নাম ‘না-গান গাওয়ার দল’। কিন্তু মঞ্চে এই সংগঠনের সদস্যরাই গান শুনিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। গানের পাশাপাশি ছিল রবীন্দ্রনাথের ছিন্নপত্র থেকে পাঠ। সব পরিবেশনাই ছিল বর্ষাকেন্দ্রিক। অনুষ্ঠানের নামও তাই দেওয়া হয়েছিল ‘বর্ষা মঙ্গল’। গত সোমবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই আসরের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় সমবেত গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। এরপর রবীন্দ্রনাথের ছিন্নপত্র থেকে পাঠ করে শোনানো হয়। বর্ষার গান ও লেখা নিয়ে দুই ঘণ্টার এই আসর ছিল উপভোগ্য।