গায়ক রণবীর

বেশরম’ ছবির ‘পেয়ার কি ঘণ্টি’ গানে কণ্ঠ দিচ্ছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। নিজের গাওয়া গানটিতে ঠোঁটও মেলাবেন তিনি।
সুনিপুণ অভিনয় উপহার দিয়ে এর মধ্যেই অগণিত ভক্তের হূদয় জয় করেছেন ‘চকোলেট বয়’ রণবীর। তবে তাঁর সংগীত প্রতিভার খবর খুব কম মানুষই জানেন। অবশ্য গত বছরই প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন রণবীর। ‘বরফি’ ছবির ‘ফাটাফাটি’ গানে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
‘বেশরম’ ছবির পরিচালক অভিনব কশ্যপ জানান, ছবিতে চটুল ধাঁচের গানটির সঙ্গে নাচতেও দেখা যাবে রণবীরকে। ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে অনেকটাই মিলে যায় এ গান। এ জন্য কোনো কিছু না ভেবেই তাঁকে দিয়ে গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিশ্চিতভাবেই তিনি গানটি দারুণ গাইবেন।
‘বেশরম’ ছবিতে রণবীরসহ আরও অভিনয় করছেন ঋষি কাপুর, নিতু কাপুর, পল্লবী শারদা প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২ অক্টোবর।