গায়ক রুবেল এবার মডেল

গায়ক এস ডি রুবেলকে এবার দেখা যাবে মডেল হিসেবে। একটি ব্লেড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি।
এর আগে মডেলিংয়ের প্রস্তাব পেলেও ব্যাটে-বলে না মেলায় বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা হয়নি এস ডি রুবেলের। এবার সবকিছু মিলে যাওয়ায় বিজ্ঞাপনচিত্রে কাজ করতে রাজি হয়েছেন তিনি।
সম্প্রতি গুলশানের ক্যাপিটাল ক্লাব মিলনায়তনে ওই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন এস ডি রুবেল। বিজ্ঞাপনচিত্রটি ঈদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে এস ডি রুবেল বলেন, ‘মানুষের অনেক স্বপ্নই অজান্তে মরে যায়। একটা সময় আমার স্বপ্ন ছিল বিজ্ঞাপনচিত্রে অভিনয় করার। ক্লোজআপ টুথপেস্টের একটি বিজ্ঞাপনচিত্রের প্রস্তাবও পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে না মেলায় কাজটি আর করা হয়ে ওঠেনি। গানের পর চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর আমি হয়তো অভিনয়েও নিয়মিত হতে পারতাম। তবে যেসব প্রস্তাব পেয়েছি, সেগুলোর গল্প পছন্দ না হওয়ায় আর করা হয়নি। এবার একটি ব্লেড নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এখানে আমাকে গায়ক হিসেবেই দেখা যাবে। খুবই সুন্দর একটি গল্পের বিজ্ঞাপনচিত্র এটি।’
এস ডি রুবেলকে সবাই গানের মানুষ হিসেবেই চেনে। দেড় যুগের বেশি সময়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এদিকে গানের বাইরে বছর দুয়েক আগে চলচ্চিত্র অভিনেতা হিসেবেও অভিষেক হয়েছে তাঁর। এরপর অবশ্য গান ও নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থেকেছেন রুবেল। বেশ কিছু চলচ্চিত্রের প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত সেসব ফিরিয়ে দিয়েছেন। এস ডি রুবেল এখন নিয়মিত লাইভ ও স্টেজ প্রোগ্রাম নিয়েই ব্যস্ত।
বর্তমানে দুটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুবেল। এর মধ্যে একটি তাঁর একক গানের এবং অন্যটি মিশ্র অ্যালবাম। মিশ্র অ্যালবামে এস ডি রুবেলের সুরে গান করবেন নবাগত সংগীতশিল্পীরা।