গায়িকা পুতুল এবার সংগীত পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের প্রথম একক অ্যালবাম বেরিয়েছিল ২০০৮ সালে, বাংলা নববর্ষ উপলক্ষে। অ্যালবামটির নাম ছিলো সন্ধ্যা বাড়ির বারান্দায়। প্রায় আড়াই বছর পর আসছে তাঁর দ্বিতীয় একক অ্যালবামটির পুতুল। অ্যালবামটি বাজারজাত করছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। অ্যালবামটিতে গান গাওয়ার পাশাপাশি পুতুল সংগীত পরিচালনার কাজও করেছেন। এ ছাড়া থাকছে তাঁর লেখা তিনটি গান। গানগুলোয় সুর করেছেন আতিকুর রহমান। অ্যালবামের মোট নয়টি গানের মধ্যে পাঁচটি সংগৃহীত। এ ছাড়া প্রথম একক অ্যালবামের ‘কেন রে মন’ গানটিও স্থান পেয়েছে পুতুলের দ্বিতীয় এককে। নতুনভাবে এই গানটির সংগীত পরিচালনার কাজ করেছেন শিল্পী নিজেই।পুতুল বলেন, ‘শুরু থেকেই আমার সংগীত পরিচালক হওয়ার ইচ্ছে ছিল। তবে এক বছর ধরে এটি বেশ জোরালোভাবেই ভাবনার মধ্যে এসেছে। তাই গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনার কাজও করেছি। পড়াশুনার ক্ষেত্রেও বেছে নিয়েছি সংগীতকে। এই অ্যালবামের মাধ্যমে নিজের একটা স্বপ্ন পূরণ হলো। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত সংগীত পরিচালনার।’ তিনি আরও বলেন, ‘অ্যালবামটি লোক ধাঁচের গান নিয়ে তৈরি। গানগুলোর সংগীতায়োজনে কেলটিক ফোকের প্রাধান্য দেয়া হয়েছে। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের দিকে কেলটিক ফোক প্রচলিত। আমি আমাদের দেশীয় বাদ্যযন্ত্রে কেলটিক ফোককে তুলে আনার চেষ্টা করেছি। গানগুলোর সঙ্গে প্রায় ২২টির মতো অ্যাকুয়েস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।’পুতুল এখন নিয়মিত দেশ টিভির সংগীতবিষয়ক অনুষ্ঠান কল-এর গান উপস্থাপনা করে আসছেন।