গায়িকা সোহানা সাবা

অভিনয়, মডেলিং ও নাচ—এই তিন অঙ্গনে সোহানা সাবার সরব উপস্থিতি। এবার তিনি সরব রেকর্ডিং স্টুডিওতেও। ‘গানের খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’ গানটি গাইলেন এই অভিনেত্রী। বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানটির জন্যই মূলত এই চেষ্টা। বলছিলেন সোহানা। মাহফুজা আক্তারের পরিচালনায় এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। নিজেদের অঙ্গনের বৃত্তের বাইরে কিছু একটা করেছেন তাঁদের প্রত্যেকেই। সোহানা যেমন গাইলেন গান। ঘটা করে কোথাও না গাইলেও বন্ধুমহলে ও বাসায় গানের মধ্যেই বেশিক্ষণ থাকেন। সোহানা বলেন, ‘বন্ধুরা বলে, আমি তাদের সঙ্গে কথা বলার সময় ৪০ শতাংশ নিজের কথা বলি, ৪০ শতাংশ গান গাই আর বাকি ২০ শতাংশ ওরা কথা বলার সুযোগ পায়। গানে হাতেখড়ি মায়ের কাছে। এরপর ছায়ানটে গানের তালিম নিয়েছিলাম দুই বছর; আসলে সেটাকে তালিম নেওয়া বলা ঠিক নয়। মাঝে ভাবতাম, আমি মোটামুটি গাইতে পারি। কিন্তু গানটি রেকর্ড করার পর যখন শুনলাম, তখন লজ্জাই পেয়েছি! তার পরও নতুন অভিজ্ঞতা, মন্দ না।’