গাড়ি মামলায় জেরার মুখে সাইফ
দুবাই থেকে অত্যন্ত দামি গাড়ি আমদানি সংক্রান্ত ৮ বছরের পুরোনো একটি মামলায় গতকাল শনিবার বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।সাইফ আলী খানকে গাড়ি আমদানি ও অর্থ পরিশোধ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে এবং এ বিষয়ে জবানবন্দি দিতে হয়েছে।উল্লেখ্য, সাইফের বিরুদ্ধে অভিযোগ, ২০০৪ সালে দুবাই থেকে টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছিলেন সাইফ আলী খান। গাড়িটি ভারতে আমদানি করা হয়েছিল কেরালার বাসিন্দা কোলাংগারা মোহাম্মদের নামে। কিন্তু ভারতের কাস্টমস বিভাগ তদন্তে জানতে পারে যে, এত দামি গাড়ি কেনার সামর্থ্য কেরালার ওই বাসিন্দার নেই। অর্থাত্ সাইফ আলী খানের জন্য আমদানি করা এ গাড়িটি ক্ষেত্রে কেরালার স্থানীয় আমদানি আইনের সুযোগ নেওয়া হয়েছে। এদিকে ২০০৬ সালে সাইফ আলী খানের মুম্বাইয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ উত্তোলনের বিষয়টিও ধরা পড়েছিল।