গাড়িভর্তি অমিতাভ!
দীর্ঘ ক্যারিয়ারে নানা ভক্তের কাণ্ড দেখেছেন অমিতাভ বচ্চন। এবারের ভক্তের পাগলামিটা একটু অন্য রকম। গাড়িজুড়ে অমিতাভের সিনেমার সংলাপ লেখা। আর গাড়ির দরজা খুললেই ভেসে আসে তাঁর ভারী কণ্ঠের সংলাপ। এমন গাড়ি দেখে আবেগাপ্লুত স্বয়ং অমিতাভ।
তাই সেই ভক্তকে নিয়ে ইনস্টাগ্রামে নিজেই পোস্ট দিয়েছেন সিনিয়র বচ্চন। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি। ভালো করে দেখলেই বোঝা যায়, গাড়িজুড়ে অমিতাভের বিভিন্ন ছবির সংলাপ লেখা। কোথাও ‘ডন কো পাকাড় না...’ কিংবা লেখা ‘পুরা নাম বিজয় দীননাথ চৌহান...’।
শুধু তা–ই নয়, গাড়ির মালিককেও দেখা গেল ওই পোস্টে। তাঁর জামার দিকে তাকালে বোঝা যায়, এটি কোনো যেনতেন পোশাক নয়। এর সঙ্গে জড়িত একমুঠো আবেগ। অমিতাভের ক্যারিয়ারের বিভিন্ন ছবির নাম সেখানে ছাপা।
ইনস্টগ্রামে গাড়ি ও মালিকের কোলাজ ছবি দিয়ে অমিতাভ লিখেছেন, ‘তিনি পুরো গাড়িতে আমার ছবির সংলাপ লিখেছেন। আর তাঁর জামায় দেখা গেল আমার সব ছবির নাম। যখন আপনি গাড়ির দরজা খুলবেন, আমার সংলাপ বেজে উঠবে সাউন্ড সিস্টেম থেকে। এ এক দারুণ ব্যাপার!’
অমিতাভ আরও জানান, এই গাড়ির নাম থর। তিনি ড্যাশবোর্ডে সই না করা পর্যন্ত মালিক এটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তিনি সই করে ভক্তের মনের আশা পূরণ করেছেন।
এমন পাঁড় ভক্তের কাণ্ডে উচ্ছ্বসিত বিগ বির অন্য ভক্তরাও। পোস্টটি ভাইরাল হতে মোটেও সময় নেয়নি। পোস্টটির নিচে ভক্তরা একের পর এক মন্তব্য করতে থাকেন। ‘একজন পাঁড় ভক্তের এটা হতে পারে দারুণ উদাহরণ’, ‘ওয়াও! অসাধারণ। আপনি সত্যিকারভাবে এটাই প্রাপ্য স্যার। সত্যিকারের লেজেন্ড। সৃষ্টিকর্তা আপনার সহায় হোন।’, ‘ওয়াও! তিনি অনুরাগ চিরিমার। কলকাতায় আমার জানা সবচেয়ে দারুণ মানুষ।’ এমন সব মন্তব্য করেন ভক্তরা।
অমিতাভের হাতে এখন অনেকগুলো ছবি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’, ‘মেডে’, ‘গুডবাই’সহ বেশ কিছু ছবিতে দেখা যাবে বিগ বিকে।