গাড়িয়াল প্রাণ
গ্রামের মেঠোপথে একসময় একটি সাধারণ বাহন ছিল গরুর গাড়ি। এখন সেখানে জায়গা করে নিয়েছে ইঞ্জিনচালিত টেম্পো। আনিসুল হক নাটক লিখেছেন সেই গরুর গাড়ি আর গাড়িয়ালকে নিয়ে। আর নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। গাড়িয়ালের উজানভাটি নামের এই নাটকটির কাজ হলো রংপুরের তারাগঞ্জে। এতে গাড়িয়ালের ভূমিকায় অভিনয় করেছেন প্রাণ রায়।প্রাণ রায় বললেন, ‘গরুর গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার কখনোই ছিল না। নাটক করতে গিয়ে এই কাজটি করেছি। আর তা করতে গিয়ে অনেক মজা হয়েছে। একটি দৃশ্যের জন্য ১৫টি গরুর গাড়ি জড়ো করা হয়। এর মধ্যে একটির চালক ছিলাম আমি। চালানোর সময় দেখি, একেকটি গাড়ি একেক দিকে ছুটতে শুরু করল। আর শটটি শেষ করতে অনেক সময় লেগেছে। শুটিং লোকেশনে যেতে হতো ট্রাক্টরে করে। কারণ, ওই প্রত্যন্ত এলাকায় মাইক্রোবাস চলে না।’প্রাণ আরও বলেন, ‘উত্তরবঙ্গে চলাচলের জন্য একসময় গরুর গাড়িই ছিল একমাত্র অবলম্বন। কিন্তু এখন গরুর গাড়ি বিলুপ্ত হচ্ছে। এই হারিয়ে যাওয়ার ওপর ভিত্তি করেই নাটকের গল্প।’প্রাণ জানালেন, নাটকটি এবার ঈদে দেখানো হবে। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন লুসি।