গায়ক আরেফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ও মডেল আরেফিন শুভ এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন, তবে কোনো অ্যালবামের জন্য নয়। এটি একটি নাটকের গান। তাও আবার শিরোনাম সংগীত। নাটকটির নাম ‘আকাশের নিচে মানুষ’। আলভী আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রিম ডেস্ক রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হবে বলে জানা গেছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন। লিখেছেন জাহিদ আকবর। গানের কথা হচ্ছে, ‘কত মুখ ভিড় করে, হূদয়ের প্রান্তরে/ কত মুখ মুছে যায়, নীরবেই চুপ করে/ সময়ের স্রোত ছুঁয়ে, কত কিছু যায় ধুয়ে/ তবুও ওড়াই রঙিন ফানুস, আকাশের নিচে মানুষ...’।গান করা প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘এটি আমার জীবনে করা প্রথম গান। বাবা তবলাশিল্পী হওয়ার কারণে আমার সঙ্গে তবলার পরিচিতি ছিল। কিন্তু কখনোই গান করা হয়নি। হয়তো কিছু একটা হবে, আবার হয়তো কিছুই হবে না। হয়তো গানটা কারও ভালো লাগবে, আবার হয়তো কারোরই ভালো লাগবে না। তার পরও আমি খুব আনন্দিত, গানটিতে কণ্ঠ দিতে পেরে। যত দূর বুঝেছি, তাতে গানের কথাটা আমার কাছে চমত্কার মনে হয়েছে। তা ছাড়া পরিচালকের অনুরোধ রক্ষার্থে গানটি করতে হচ্ছে বলতে পারেন।’পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আমরা নেপালে গিয়েছিলাম নাটকের শুটিংয়ে। তখন একটা সময় শুভকে গান গাইতে শুনি। ওর গলাটা আমার বেশ মনে হয়েছিল। তার পরই তাঁকে অনুরোধ করি, আমার নাটকের শিরোনাম সংগীতটা গাওয়ার জন্য। আমার বিশ্বাস, শুভর কণ্ঠে গানটি সবার বেশ ভালো লাগবে।’‘আকাশের নিচে মানুষ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, হিল্লোল, বিন্দু, সারিকা, নাঈম, তাহসিন, কল্যাণ, ইশানা প্রমুখ।