গায়ক থেকে খলনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব
বিপ্লব

বিপ্লবকে সবাই গায়ক হিসেবেই চেনেন। এবার তিনি আসছেন চলচ্চিত্রে। তাও আবার খলনায়ক চরিত্রে। ‘গেইম’ নামের এ ছবিটির শুটিং এরই মধ্যে শেষও করেছেন।

বিপ্লব বলেন, ‘“গেইম” ছবিতে আমি প্রথমবারের মতো অভিনয় করেছি; তাও আবার খলনায়ক হিসেবে। প্রথমেই ছবিটির টাইটেল গানের কাজ করি। ছবির নামটিও আমাকে মুগ্ধ করেছিল। কাজ করার একপর্যায়ে ছবির নায়ক নিরব আমাকে খলনায়ক চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। আমি এমনিতেও অ্যাকশনধর্মী ছবি খুবই পছন্দ করি। নিরবের অনুরোধ আর আমার ভালো লাগা মিলে যাওয়ায় কাজটি করেই ফেললাম। কাজ করেও অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি।’

বিপ্লব এর আগে তিনটি চলচ্চিত্রে কাজ করেছেন। এগুলো তিনি ব্যান্ড প্রমিথিউসকে নিয়ে আবার একটিতে আজম খান ও আর্ক ব্যান্ডের হাসানের সঙ্গে গানের দৃশ্যে অংশ নেন।

এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আমি আমার ব্যান্ড নিয়ে প্রথম মোহাম্মদ হোসেন জেমীর “রাজধানী” ছবিতে অংশ নিই। এরপর মোহাম্মদ হোসেনের “চাঁদের মতো বউ” ছবিতেও গানের দৃশ্যে অংশ নিই। আবদুল্লাহ আল মামুনের “দুই বেয়াইয়ের কীর্তি” ছবিতে আমি আজম ভাই (আজম খান) ও হাসান গানে অংশ নিই। পরিপূর্ণ অভিনয় বলতে “গেইম” প্রথম।’


এদিকে সংগীতের এখনকার অবস্থা প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘পুরো বাংলাদেশের অবস্থা যেখানে খারাপ, সেখানে সংগীতের অবস্থা ভালো হওয়ার তো কথাই না। কারণ, মানুষজন গান শোনে যখন তাঁদের অন্য সব চাহিদা পূরণ হয়। কিন্তু বাংলাদেশের মানুষ সার্বিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্নতার মধ্যে আছে। গত কয়েক মাসে আমরা মাত্র দুটি শো করেছি। আমাদের মতো অন্য সবার একই অবস্থা।’