গায়ক যখন অভিনেতা
অভিনয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন গায়ক পার্থ বড়ুয়া। তাহলে কি গানকে বিদায় জানাচ্ছেন? নাকি দুটোই চলবে সমান তালে?কোথাও পাওয়া যাচ্ছিল না পার্থ বড়ুয়াকে। বাসায় নেই, নেই স্টুডিওতে। সচল মুঠোফোনে সাড়া নেই। একসময় নিজেই সাড়া দিলেন, ‘আমি এখন ধানমন্ডিতে, রোড নম্বর ১১/এ...।’ সেখানে পৌঁছে গায়ক পার্থর দেখা মিলল। কিন্তু একি! পার্থ বড়ুয়ার হাতে আগ্নেয়াস্ত্র? ‘অ্যাকশন’ শব্দটি কানে আসতেই ভুল ভাঙল। ধানমন্ডির এই শুটিংবাড়িতে প্রায় ১০০ পর্বের ধারাবাহিক নাটক সিআইবি-র শুটিং চলছে। নাটকে পার্থ বড়ুয়া একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন। অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে পার্থ বড়ুয়ার এখন ত্রাহি অবস্থা। গানের মানুষ, অভিনয়েই বেশি সময় দিচ্ছেন। আজ ঢাকায় শুটিং তো কাল বান্দরবানে। যখন গিটারের তারে সুর খুঁজে ফেরার কথা, তখন শুনছেন পরিচালকের ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’। কেমন লাগে? পার্থ বড়ুয়ার ঠোঁটে স্মিত হাসি। গানের সুরে সুরেই বললেন, ‘তবুও জীবন যাচ্ছে কেটে...’। জবাবটা পরিষ্কার নয়।কেমন কাটছে দিনকাল? ‘ভালোই। তবে আমি ক্লান্ত, আর না’, একনিঃশ্বাসে বললেন পার্থ বড়ুয়া। একটু রসিকতার ছলে বলি, ‘দাদা, এটা লিখলে তো নাটকের অফার কমে যাবে...!’ এবার সিরিয়াস তিনি, ‘তাতে কী, আমি তো নিজেই চাইছি না। শুধু শখের বশেই এসেছিলাম অভিনয়ে। আর অভিনয় নয়। না, করতে করতে কম করিনি।’ বলতে বলতে খাবার সরবরাহের জন্য আদেশ দিলেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে সন্ধ্যায়।বছর দুই আগে গানের মানুষ পার্থ বড়ুয়া হুট করেই অভিনয়ে এসেছিলেন নিতান্ত অনুরোধে পড়ে। পরিচিত এক তরুণ নির্মাতার অনুরোধেশহরতলীর আলো নাটকে অভিনয় করেছিলেন। পেশাদার সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার কাছে তখন মনে হয়েছিল, ওটাই প্রথম ও শেষ নাটক। কিন্তু ধারণা ভুল। এরপর অনেকবার তিনি বলেছেন ‘অভিনয় করব না’ এবং অনেক নাটকে অভিনয় করেছেন। অভিনীত নাটকের তালিকায় রয়েছে—সিনেমা, শেষ দুই দিন, প্রিয় বক্স, জার্নি বাই লাভসহ আরও কিছু। এগুলো এক পর্বের। প্রায় সব নাটকই আলোচিত হয়েছে। বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটকজলকণা। গত সপ্তাহে বান্দরবান ঘুরে এলেন সিআইবি নাটকের শুটিংয়ে। জানালেন, নাটকটি খুব উপভোগ্য হবে। ছবিয়ালের মিলন ভট্টাচার্য ও পারভেজ আমিন পরিচালিত আলাদা ঘটনা নিয়ে এই ধারাবাহিক নাটক। এখানে গোয়েন্দা দলে তিনি ছাড়াও আছেন হুমায়ুন ফরীদি, তিন্নি ও নওশীন। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়জীবনে এসে একটা বিষয় দারুণভাবে উপভোগ করছি। প্রিয় প্রিয় মানুষের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।’ পার্থ বড়ুয়াকে জিজ্ঞেস করি, ‘গানবাজনা থেকে সরে দাঁড়াচ্ছেন?’ এবার কণ্ঠে দৃঢ়তা, ‘অবশ্যই না। এটা ঠিক, সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তার পরও সত্য এটাই, আমি গানের মানুষ এবং আজীবন গান নিয়েই থাকব আশা করছি।’ কথা প্রসঙ্গে জানালেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যস্ত থাকায় সোলসের নতুন অ্যালবামের কাজ শেষ করতে পারেননি। তবে এখন অ্যালবামটির কাজ প্রায় শেষ। শিগগিরই সোলসের জ্যাম অ্যালবামটি বাজারে আসবে। ভক্ত-শ্রোতার উদ্দেশে বললেন, ‘অনেক তো ধৈর্য ধরেছেন, আরেকটু সময় না হয় অপেক্ষায় থাকুন।’