গায়ক শান ও মিকা সিংয়ের অভিনয়ে অভিষেক
‘বলবিন্দর সিং ফেমাস হো গায়ে’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে পাঞ্জাবি গায়ক মিকা সিং ও বাঙালি গায়ক শান মুখার্জির। এ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে প্লেব্যাকও করবেন এ দুই শিল্পী। সম্প্রতি এর সত্যতা নিশ্চিত করেছেন মিকা। ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে মিকা বলেন, ‘আমার বন্ধু সুনীল অগ্নিহোত্রী একটি ছবি নির্মাণ করছেন। এরই মধ্যে তিনি শানকে ছবিতে অন্তর্ভুক্ত করেছেন। ছবিটির প্রযোজক সংস্থা টি-সিরিজের পক্ষ থেকে শানের পাশাপাশি আমাকেও নেওয়ার কথা বলা হয়। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুর দিকে আমাদের দুজনকে বড়পর্দায় দেখতে পারবে দর্শক।’ বলিউডের অনেক ছবিতেই প্লেব্যাক করেছেন শান ও মিকা। ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জমিন পার’, ‘হাম তুম’, ‘কাল হো না হো’সহ অনেক ছবির জনপ্রিয় সব গানে কণ্ঠ দিয়েছেন শান। অন্যদিকে, ‘পুঙ্গি’ (এজেন্ট বিনোদ), ‘সুবহা হোনে না দে’ (দেশি বয়েজ), ‘ঢিংকা চিকা’ (রেডি), ‘ধান্নো’ (হাউসফুল), ‘মজা হি মজা’ (জাব উই মেট) ও ‘সিং ইজ কিং’ (সিং ইজ কিং)—এ রকম অনেক জনপ্রিয় গানের শিল্পী মিকা।অনেক দিন ধরে একই জগতে কাজ করলেও এখন পর্যন্ত একসঙ্গে প্লেব্যাক করা হয়নি শান ও মিকার। মিকা বলেন, ‘অনেক দিন ধরেই আমরা ভালো বন্ধু ও সহকর্মী। কিন্তু একসঙ্গে প্লেব্যাক করিনি আমরা।’ বিষয়টি নিয়ে মজা করে শান বলেছেন, ‘একসঙ্গে গান গাওয়ার জন্যই কি এক ছবিতে অভিনয় করতে হচ্ছে আমাদের!’